মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশ দূষণকারী ইটভাটা উচ্ছেদ এবং তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চক চান্দহর ঢালিপাড়া চকে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। চান্দহর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধনে কৃষকরা তাদের তিন ফসলি জমি রক্ষা এবং ইটভাটার বিষাক্ত ধোঁয়া থেকে ফসল বাঁচানোর দাবিতে সোচ্চার হন। চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. তরিকুর রহমান আলালের নেতৃত্বে এবং মো. ফারুক হোসেনের সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. তরিকুর রহমান আলাল, উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মো. মশিউর রহমান দুলাল, হাবিবুর রহমান হাবিব ও রুহুল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন চান্দহর ইউনিয়ন হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক আবু আম্মার লিটন দেওয়ান, নাগর আলী, আবু বক্কর, আরিফ হোসেন, শুকুর খান, ভুক্তভোগী ইদ্রিস আলী এবং আবিদা সুলতানা প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে এলাকার কিছু প্রভাবশালী ও অসাধু ব্যক্তি আইন অমান্য করে তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন। এর ফলে উর্বর কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে।
একই সঙ্গে তারা এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোকে পরিবেশের জন্য এক মারাত্মক হুমকি হিসেবে চিহ্নিত করেন। কৃষকদের দাবি, এসব ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও দূষণের কারণে তাদের ধানের ফসল পুড়ে যাচ্ছে, গাছপালা মরে যাচ্ছে এবং জনস্বাস্থ্যের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ছে। তারা প্রশাসনের বিগত দিনের অভিযানগুলোকে 'লোক দেখানো' বলে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি দ্রুত সময়ের মধ্যে এসব ইটভাটা চিরতরে বন্ধ এবং মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে স্থানীয় সংসদ সদস্য ও সাধারণ জনগণকে সাথে নিয়ে সিংগাইরে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
পরিবেশ ও কৃষি রক্ষার দাবির পাশাপাশি বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও কথা বলেন। তারা জানান, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তরুণ সমাজের একটি বড় অংশ মাদকের নেশায় ঝুঁকে পড়ায় সামাজিক অবক্ষয় ও অস্থিরতা বাড়ছে। মাদক ব্যবসায়ী ও তাদের নেপথ্যে থাকা সহযোগীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য তারা জোরালো আহ্বান জানান।
উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চান্দহর ইউনিয়নের জামায়াত ইসলামির আমির মো. ইসমাইল হোসেন, চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তৈয়ব আলী, চান্দহর ইউনিয়ন যুবদলের সদস্য মো. আতিকুর রহমান হেলাল এবং চান্দহর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন। এছাড়াও ইকরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, স্থানীয় সুধীজন রুবেল, রিয়াজুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং ভুক্তভোগী সাধারণ জনতা এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে কৃষি ও পরিবেশ ধ্বংসকারী এই চক্রের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে, অন্যথায় কৃষকের স্বার্থ রক্ষায় তারা রাজপথ ছাড়বেন না।
আকাশজমিন / আরআর