ফেনী প্রতিনিধি:
ফেনীর ফুলগাজী উপজেলায় বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার বসন্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
নিহতরা হলো বসন্তপুর পূর্বপাড়ার বাসিন্দা মো. শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) এবং ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পূর্ব দেবপুর গ্রামের মো. আরিফের ছেলে আবির হোসেন (৭)।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল নাদিয়া ও আবির। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত নাদিয়ার বাবা মো. শহীদ জানান, তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে নাদিয়া ছিল ছোট। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মেয়ের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিছুর রহমান বলেন, বজ্রপাতে আহত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।