ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন


  • আপলোড সময় : শুক্রবার ১৯ জুন, ২০২৬ সময় : ১১:৫২ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর মরদেহ রেখে স্বামী ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে গিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মরদেহটি উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার মোহাম্মদ মারুফের স্ত্রী খাদিজা আক্তারের। তিনি একই এলাকার বাসিন্দা আবদুল জলিলের মেয়ে। মাত্র সাত মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। খাদিজার পরিবারের অভিযোগ, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে খাদিজাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান তাঁর স্বামী। ওই সময় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন। এরপরই খাদিজার স্বামী ও তাঁর পরিবারের লোকজন হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, নিহত খাদিজার গলায় একটি স্পষ্ট দাগ রয়েছে। তবে তাঁকে হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উপমা চৌধুরী বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। আমরা তাঁর স্বজনদের খুঁজেছিলাম। তবে কাউকে পাওয়া যায়নি।’ খাদিজার ভাই মো. ফরহাদ বলেন, খবর পেয়ে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসেছেন। তাঁদের ধারণা, খাদিজাকে হত্যার পর নাটক সাজাতে হাসপাতালে নেওয়া হয়। খাদিজার বাবা আবদুল জলিল বলেন, ‘সাত মাস আগে আমাদের অমতে মেয়েটি বিয়ে করেছিল। এর পর থেকে স্বামীর সঙ্গে বসবাস করে আসছিল। আমার মেয়েটি আর দুনিয়ায় নেই। আমরা এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না।’

এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে খাদিজার স্বামী মোহাম্মদ মারুফের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর মুঠোফোনের সংযোগ পাওয়া যায়নি। জানতে চাইলে আনোয়ারার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘গৃহবধূর গলায় দাগ রয়েছে, এটি আঘাত থেকে হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’


এ সম্পর্কিত আরো খবর