ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

রাজশাহী বিভাগে ২৭ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’


  • আপলোড সময় : সোমবার ২২ জুন, ২০২৬ সময় : ৫:৪৫ পিএম

আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগের ২৭ লাখ ৩ হাজার ১২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হামসহ বিভিন্ন সংক্রামক রোগের জটিলতা ও মৃত্যুহার কমাতে এ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (২২ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বর্তমানে হামের সংক্রমণ ও এর জটিলতা বিবেচনায় প্রতিটি যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো জরুরি। এতে হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

সভায় উপস্থিত ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি নিয়মিত কর্মসূচি হলেও দীর্ঘ সময় বিরতির কারণে এবার এর গুরুত্ব আরও বেড়েছে। তাদের মতে, সাম্প্রতিক সময়ে হাম সংক্রমণের জটিলতা বৃদ্ধির পেছনে এই কর্মসূচির দীর্ঘ বিরতিও একটি কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

তারা আরও জানান, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে নির্ধারিত দিনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ৬ মাসের কম বয়সী শিশুদের জন্য শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়, যাতে তাদের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এবারের ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ লাখ ৮ হাজার ২০৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ লাখ ৯৪ হাজার ৯২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে বিভাগের মোট ২৭ লাখ ৩ হাজার ১২৭ জন শিশু এ কর্মসূচির আওতায় আসবে।

জেলা ভিত্তিক লক্ষ্যমাত্রার মধ্যে রাজশাহী জেলায় ৩ লাখ ৩ হাজার ১১৭ জন এবং রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৬২ হাজার ২৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। অন্যদিকে বিভাগের মধ্যে সর্বোচ্চ ৫ লাখ ৭ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বগুড়া জেলায়। সর্বনিম্ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জয়পুরহাট জেলায়, যেখানে ১ লাখ ৩৮ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি সভায় অংশ নেন।

সভায় বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ২৮ জুন নির্ধারিত টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই জাতীয় কর্মসূচি সফল করতে সবাইকে সহযোগিতা করতে হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর