নতুন করে কোনো ধরনের কর আরোপ না করেই কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দাউদকান্দি পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত উন্মুক্ত সুধী সমাবেশে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান ইসলাম।
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫৮ লাখ ২১ হাজার ২০২ টাকা এবং উন্নয়ন খাতে ২৬ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক মোঃ রেদওয়ান ইসলাম বলেন, নাগরিকদের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি না করে উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়াই এ বাজেটের মূল লক্ষ্য। পৌরসভার সামগ্রিক উন্নয়ন এবং জনসেবার মান বাড়াতে বিভিন্ন খাতে পরিকল্পিতভাবে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও জানান, চলতি অর্থবছরে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নে নতুন সড়ক নির্মাণ, পুরোনো সড়ক সংস্কার, সেতু, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়কবাতির সম্প্রসারণ এবং হাটবাজার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বাজেটের প্রতিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণমূলক প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, হিসাব রক্ষক মোঃ শাহাদাত হোসেন, কার্যসহকারী আব্দুল আহাদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নাগরিক সেবার উন্নয়ন এবং পৌর এলাকার টেকসই অবকাঠামো গড়ে তুলতে ঘোষিত বাজেটের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।