ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রায়পুরে ৪ খুনের ঘাতক অন্তরের মরদেহ নিতে অস্বীকৃতি স্বজনদের


  • আপলোড সময় : শনিবার ২৭ জুন, ২০২৬ সময় : ১০:৩৮ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন কন্যাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত মূল অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদারের (২৮) মরদেহ অবশেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চরম কলঙ্কজনক এই হত্যাকাণ্ডের তীব্র ঘৃণায় অন্তরের রক্তসম্পর্কীয় কোনো আপনজন প্রথমে তার লাশ গ্রহণ করতে স্পষ্ট রাজি হননি। পরবর্তী সময়ে প্রশাসনের মধ্যস্থতায় এবং একপ্রকার বাধ্য হয়ে নিহতের দূর সম্পর্কের এক চাচাতো ভাই টিটু মজুমদার লাশের দায়িত্ব গ্রহণ করেন। গত শুক্রবার (২৬ জুন) রাতে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত অন্তর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানাধীন চরভাটা এলাকার চরবজলুল করিম গ্রামের কার্তিক মজুমদারের ছেলে। লক্ষ্মীপুরের জঘন্যতম এই ৪ খুনের পর অন্তরের লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হলে তার পরিবার ও নিকটাত্মীয়রা লাশ নিতে অস্বীকৃতি জানায়। এরপর লক্ষ্মীপুর পুলিশ সংশ্লিষ্ট চরজব্বর থানা-পুলিশের সাথে যোগাযোগ করে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিশেষ সহায়তায় অন্তরের দূর সম্পর্কের চাচাতো ভাই টিটু মজুমদারকে জেলা সদরে নিয়ে আসা হয়। বিকেলে ১০০ শয্যাবিশিষ্ট লক্ষ্মীপুর সদর হাসপাতালের ময়নাতদন্ত শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে পুলিশের পক্ষ থেকে লাশটি টিটুর কাছে বুঝিয়ে দেওয়া হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল জানান, আইনি প্রক্রিয়া ও লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং পরবর্তীতে তা পুলিশের কাছে দেওয়া হলে তারা স্বজনের কাছে হস্তান্তর করে।

এদিকে এই গণপিটুনির ঘটনার আইনি জটিলতা এড়াতে রায়পুর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আইন নিজের হাতে তুলে নিয়ে অন্তর মজুমদারকে পিটিয়ে হত্যার অভিযোগে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা স্থানীয় বহু বাসিন্দার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় এলাকার আমির হোসেন মাস্টারের পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে আকস্মিক ঢুকে শাহিনুর বেগম (৩৮) এবং তাঁর তিন মেয়ে সায়মা আক্তার (২১), নাফিসা আক্তার ইকরা (১৭) ও ফাতেমা আক্তার শিফা (৯)-কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে ঘাতক অন্তর। এই পাশবিক ঘটনার পরপরই চারপাশের বিক্ষুব্ধ জনতা ঘাতককে হাতেনাতে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই অন্তরেরও মৃত্যু হয়।


এ সম্পর্কিত আরো খবর