মোঃ বাকি অনীক, কুমিল্লা প্রতিনিধি:
সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার (২৮ জুন) দুপুরে হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন ইথানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন।
এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, হাসপাতালের রেজিস্ট্রার ডা. শামিম আহমেদ, নিউরোলজি বিভাগের প্রধান ডা. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সফরকালে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ইথানের চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করার ব্যবস্থা করেন। পাশাপাশি তার সর্বোচ্চ চিকিৎসা ও সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি ইথানের পরিবারের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।
উল্লেখ্য, সন্ত্রাসীদের গুলিতে ইথানের আহত হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।