ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

সিরাজগঞ্জে নদীভাঙনে ঝুঁকিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে এলাকাবাসী


  • আপলোড সময় : সোমবার ২৯ জুন, ২০২৬ সময় : ৬:২৮ পিএম

রেজাউল করিম ঝন্টু, সিরাজগঞ্জ প্রতিনিধি:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নদীভাঙন নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ভাঙনের কবলে পড়ে সিরাজগঞ্জ সদর, চৌহালী ও কাজীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বসতভিটা, ফসলি জমি, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো চরম হুমকির মুখে পড়েছে। এর মধ্যে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে বিদ্যালয়টি যে কোনো সময় যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ এপ্রিল কাজীপুর উপজেলার পলাশপুর ঘাট এলাকায় নদীতীর সংরক্ষণ প্রকল্পের দুটি অংশ যমুনার ভাঙনে বিলীন হয়ে যায়। এরপর ৮ জুন চৌহালী উপজেলার চর বিনানই ঘাট এলাকায় প্রায় ১৫০ মিটার এলাকা নদীগর্ভে ধসে পড়ে। সর্বশেষ গত ২০ জুন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে নদীর ডান তীররক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ভেঙে যায়। বর্তমানে সদর উপজেলার বড় কয়ড়া, বর্ণি ও কৈগাড়ি জড়তা গ্রাম, রতনকান্দি ইউনিয়নের বাহুকা, চৌহালী উপজেলার চর বিনানই এবং কাজীপুর উপজেলার পলাশপুর ঘাট এলাকায় নদীভাঙনের ঝুঁকি সবচেয়ে বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামের বাসিন্দা আব্দুস ছালাম অভিযোগ করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর চর দ্রুত বিলীন হয়ে গেছে। আগে তিনি ওই চরে আখ, গম, কালাইসহ বিভিন্ন ফসলের আবাদ করতেন। কিন্তু বর্তমানে অধিকাংশ জমি নদীগর্ভে চলে যাওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন।

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূইয়া জানান, বড় কয়ড়া, বর্ণি ও কৈগাড়ি জড়তা এলাকায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চরম ঝুঁকিতে থাকায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আপাতত স্থানীয় দুর্যোগ আশ্রয়ণ প্রকল্পের একটি ভবনে স্থানান্তর করা হয়েছে। নদীভাঙনের কারণে অনেক পরিবার ইতোমধ্যে তাদের বসতঘর সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেকে এলাকা ত্যাগের পরিকল্পনা করছেন। একই সঙ্গে আবাদি জমি হারিয়ে চরম উদ্বেগে রয়েছেন কৃষকরা।

সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান জানান, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ভ্যাট-ট্যাক্সসহ প্রায় ৪ লাখ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। বর্তমানে শিক্ষার্থীদের বিকল্প স্থানে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে আশ্রয়ণ প্রকল্পের ভবনটিও ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৩ সেন্টিমিটার এবং কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যদিও এখনো উভয় পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যেসব এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে, সেখানে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত তীররক্ষা স্থাপনাগুলো দ্রুত সংস্কারের কাজও চলমান রয়েছে। স্থানীয়দের দাবি, যমুনা নদীর ভয়ংকর ভাঙন থেকে জনপদ, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিজমি রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী দিনগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।


এ সম্পর্কিত আরো খবর