দেশজুড়ে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর বাবা আজ রোববার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই আবেদনটি দাখিল করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। আগামী ১২ জুলাই এই মামলার আবেদনের ওপর আদেশ দেওয়া হবে বলে তারিখ নির্ধারণ করেছেন আদালত। বাদী পক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনে অভিযুক্ত অপর দুই আসামি হলেন—স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মামলার বাদী সিরাজুল ইসলাম তার আবেদনে উল্লেখ করেন, তার ৯ মাস বয়সী কন্যাসন্তান সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের চরম অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। অভিযোগ করা হয়, সঠিক সময়ে দেশে হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং এই টিকার অভাবেই সে হামে আক্রান্ত হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করে।
অভিযোগে আরও বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তারা দেশব্যাপী হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই সরকারি অবহেলার ফলেই দেশজুড়ে শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং বর্তমানে হাজার হাজার শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাদী তার আরজিতে উল্লেখ করেন, আসামিদের এসব কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও জীবন রক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, চরম অবহেলা এবং আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার শামিল।