সিরাজগঞ্জ প্রতিনিধি / : 70
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল—‘পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। সোমবার (৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে তাড়াশ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শুরুর আগে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে হলে পল্লী অঞ্চলের মানুষের উন্নয়ন অপরিহার্য। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ ও পল্লী উন্নয়নের গুরুত্ব বিশদভাবে তুলে ধরা হয়। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ঋণ সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যে অগ্রণী ভূমিকা পালন করছে, তা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও বেগবান করছে। গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের আরও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষ অংশে সফল পল্লী উন্নয়ন উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। একই সাথে গ্রামীণ অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ উদ্যোক্তাদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে তাড়াশ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিআরডিবি-এর কর্মকর্তা এবং উপকারভোগী গ্রামীণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তাড়াশের এই সফল আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে, যা সামনের দিনগুলোতে গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।