ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ফার্মের মুরগি রাস্তায় নেমেছে বলেই আজ আপনারা ক্ষমতার চেয়ারে: হাসনাত


  • আপলোড সময় : মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬ সময় : ৬:৪৫ পিএম

চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট সংকট ও আন্দোলনরত পরীক্ষার্থীদের অবমূল্যায়ন করার তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শিক্ষামন্ত্রীকে সরাসরি নিশানা করে তিনি বলেছেন, ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষার্থীদের চরম কষ্টের মধ্যে ফেলে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। উপরন্তু, ভুল প্রশ্নপত্র প্রণয়ন করে শিক্ষার্থীদের মানসিক চাপকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। দুঃখ প্রকাশ করার পরিবর্তে শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ বলে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ক্ষোভ প্রকাশ করেন।

তিনি শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কঠোর জবাব দিয়ে বলেন, দেশের সাধারণ শিক্ষার্থীদের অবজ্ঞা করে যারা তাঁদের ‘ফার্মের মুরগি’ বলে উপহাস করছেন, তারা যেন ভুলে না যান যে এই সাধারণ শিক্ষার্থীরাই রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল বলেই আজ আপনারা ক্ষমতার আসনে বসতে পেরেছেন। ছাত্র-জনতার সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ফলেই নির্বাসন থেকে এসে আজ দেশের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারক ও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। শিক্ষার্থীদের নিয়ে যেকোনো ধরনের পরীক্ষামূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন, এই শাসকগোষ্ঠীর সন্তানেরা কেউ দেশের মাটিতে পড়াশোনা করে না, অথচ দেশের সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিগত দিনের বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দম্ভোক্তি করেছেন যে সংবিধান সংস্কার কমিটির কোনো আইনি ভিত্তি নাকি সংবিধানে নেই। কিন্তু সত্য হলো, বিগত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র-জনতা প্রচলিত ত্রুটিপূর্ণ সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন বাংলাদেশের পথ নির্ধারণ করেছে। বর্তমান শাসকদল যদি সেই বিপ্লবী ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করে জনগণের বিপক্ষে অবস্থান নেয়, তবে তার পরিণতি ভালো হবে না।

দেশের চলমান বন্যা পরিস্থিতির চিত্র তুলে ধরে এই রাজনৈতিক নেতা আক্ষেপ প্রকাশ করে বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার ও সাতকানিয়াসহ দেশের একটি বিশাল অংশ গত এক সপ্তাহ ধরে বন্যাকবলিত। দুর্গত এলাকার মানুষ তীব্র অনাহারে-অর্ধাহারে দিন কাটালেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত পর্যাপ্ত ও কার্যকর কোনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি, যা চরম দুঃখজনক।

একই সাথে স্থানীয় রাজনীতিতে চলমান দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সোনারগাঁয়ের স্থানীয় সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে থানায় গিয়ে চাঁদাবাজির মুচলেকা দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্ষমতার দাপট দেখিয়ে এভাবে পারিবারিক তন্ত্র ও অর্থ আত্মসাৎ আর বরদাশত করা হবে না। দেশের তীব্র গ্যাস সংকটের মাঝেও রাজনৈতিক প্রভাবে একশ্রেণীর অবৈধ সংযোগ নিয়ে লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে এবং নির্দিষ্ট কিছু বড় শিল্পগ্রুপ দেদারসে সাধারণ মানুষের জমি দখল করে চলেছে।

তিনি অত্যন্ত কড়া ভাষায় চাঁদাবাজি সংস্কৃতির শেষ করার তাগিদ দিয়ে বলেন, দেশের সাধারণ মানুষের কষ্টার্জিত উপার্জনের একটি বড় অংশ যখন রাজনৈতিক চাঁদাবাজদের পকেটে যায়, তখন সেই রাষ্ট্র সংস্কার অসম্ভব হয়ে পড়ে। যারা এখনো চাঁদাবাজির ধারা বজায় রাখার অলীক স্বপ্ন দেখছেন, তাদের অবিলম্বে এই পথ পরিহার করার পরামর্শ দেন তিনি। ১৭ বছরের স্বৈরাচারী শাসনের পতনের উদাহরণ টেনে হাসনাত আবদুল্লাহ সতর্ক করে বলেন, প্রতি বছর জুলাই আসে না, তবে জুলাই যখন একবার আসে, তখন গণমানুষের ক্ষোভের মুখে পালানোর পথটুকুও খুঁজে পাওয়া যাবে না।

উক্ত গণসমাবেশে এনসিপির সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁও পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ।


এ সম্পর্কিত আরো খবর