ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

গোয়ালন্দে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

অতিরিক্ত বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬ সময় : ৮:১০ পিএম

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:

টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত চিহ্নিত করে মেরামতের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা এক দিনের মধ্যে উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়নের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, দেবগ্রাম ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় জানানো হয়, অতিবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো দ্রুত শনাক্ত করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য চারটি ইউনিয়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা এক দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতির বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। জানানো হয়, সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জরুরি চিকিৎসাসেবা এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া সাপের কামড়ে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম সংরক্ষিত রয়েছে বলে সভায় জানানো হয়।

বর্ষাকালে শিশুদের পানিতে পড়ে দুর্ঘটনা প্রতিরোধে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার চালানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পর্যবেক্ষণ ও প্রস্তুতি টিম গঠন করা হবে। সংশ্লিষ্ট সব বিভাগকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, জরুরি ত্রাণসামগ্রী মজুত, স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর