ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াশে কাঁচামরিচ এখন ‘ঝাল’, সপ্তাহের ব্যবধানে দাম বাড়ল তিনগুণ


  • আপলোড সময় : শনিবার ১৮ জুলাই, ২০২৬ সময় : ৯:০০ পিএম

আষাঢ়ের টানা বর্ষণ আর সরবরাহ সংকটের অজুহাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কাঁচামরিচ ও শাকসবজির বাজারে হঠাৎ আগুন লেগেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে রান্নার অন্যতম প্রধান অনুষঙ্গ কাঁচামরিচের দাম বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। মরিচের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। বাজারে এমন আকস্মিক ও লাগামহীন মূল্যের কারণে চরম বিপাকে পড়েছেন স্থানীয় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির সাধারণ ক্রেতারা।

শনিবার (১৮ জুলাই) তাড়াশ পৌর কাঁচাবাজারসহ উপজেলার বিভিন্ন গ্রামীণ হাট-বাজার সরেজমিনে ঘুরে দরদামের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা গেছে। বাজার বিশ্লেষণে জানা যায়, গত সপ্তাহেও যে কাঁচামরিচ প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় অনায়াসে মিলত, তা বর্তমান বাজারে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজিতে দাম বেড়েছে ১০০ টাকারও বেশি।

কাঁচামরিচের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধাক্কা লেগেছে সবজির বাজারেও। বাজারে ঢ্যাঁড়শ, প‌টোল, বরবটি, করলা, বেগুন, মিষ্টিকুমড়া এবং পুঁইশাক ও লালশাকসহ প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে গেছে। বাদ যায়নি কলার মোচার মতো গ্রামীণ সবজিও।

তাড়াশ পৌর শহরের বাসিন্দা আকবর আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সপ্তাহ ঘুরতেই মরিচের দাম কেজিতে ১০০ টাকা বেড়ে গেল! শুধু মরিচ নয়, আলুর পর এখন সব সবজির দামই বাড়তি। আয় না বাড়লেও এভাবে প্রতিদিন খরচ বাড়লে মধ্যবিত্তদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে।”

বাজারের এই অস্থিরতার বিষয়ে তাড়াশ বাজারের কাঁচামাল ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, সম্প্রতি দেশজুড়ে টানা ভারী বর্ষণের ফলে রাজশাহী, পাবনা, নাটোর ও বগুড়াসহ দেশের প্রধান সবজি উৎপাদনকারী জেলাগুলো থেকে পণ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাইকারি আড়তগুলোতেই সবজি চড়া দামে কিনতে হচ্ছে, যার ফলে খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করা ছাড়া কোনো উপায় থাকছে না।

শহরের এই চড়া দামের হাওয়া লেগেছে প্রত্যন্ত গ্রামেও। উপজেলার মাধাইনগর গ্রামের বাসিন্দা নিপেন আক্ষেপের সুরে বলেন, “আগে ভাবতাম শহরের চেয়ে গ্রামের বাজারে সবজি কিছুটা সস্তায় পাওয়া যায়। এখন তো দেখছি গ্রাম আর শহরের বাজারের দামের কোনো তফাত নেই, সব এক হয়ে গেছে! আমাদের মতো দিন এনে দিন খাওয়া মানুষের জীবনযাত্রার ব্যয় এখন আকাশচুম্বী।”

স্থানীয় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের ধারণা, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং দূর-দূরান্ত থেকে সবজিবাহী ট্রাকের সরবরাহ না বাড়লে বাজারের এই অস্থিরতা কমবে না। ফলে কাঁচামরিচ ও অন্যান্য সবজির চড়া দাম আরও বেশ কিছুদিন ক্রেতাদের ভোগাবে বলেই আশঙ্কা করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর