অবশেষে বিশ্বফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্বের সোনালি মুকুট কার মাথায় উঠবে, তা নির্ধারণ করতে আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মহাযুদ্ধে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক এবং সেরা দুটি দলের এই ফাইনাল কেবল দুই দেশের ঐতিহ্যগত লড়াই নয়, বরং ফুটবলীয় কৌশলের এক পরম প্রদর্শনী। তবে এবারের ফাইনালের আসল সৌন্দর্য লুকিয়ে আছে দুই দলের নিজস্ব ‘দলগত’ রসায়নে।
একদিকে স্পেন যেন এক নিখুঁত ও সুশৃঙ্খল ‘ইঞ্জিন’। লা রোহাদের স্কোয়াডের প্রতিটি খেলোয়াড় নিজের ভূমিকা খুব ভালো করেই জানেন এবং দলের বৃহত্তর স্বার্থে মাঠের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যান। স্পেনের এই দলে হয়তো একক কোনো মহাতারকা নেই, কিন্তু তাদের সম্মিলিত আত্মত্যাগ আর নিখুঁত টেকনিক্যাল দক্ষতার সামনে প্রতিপক্ষ দল নিরুপায় হয়ে পড়ে। অন্যদিকে ঠিক তার বিপরীত চিত্র আর্জেন্টিনার। ইংলিশদের আগ্রাসনের মুখে সেমিফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও, শেষ মুহূর্তের মহাকাব্যিক প্রত্যাবর্তনে ম্যাচ জিতে নেয় আলবিসেলেস্তেরা। আর এই প্রত্যাবর্তনের নেপথ্যের মূল কারিগর ছিলেন স্বয়ং ৩৯ বছর বয়সী মহাজাদুকর লিওনেল মেসি। তার দুটি জাদুকরী অ্যাসিস্ট যেমন পুরো দলকে এক সুতোয় বেঁধেছে, তেমনি জাগিয়ে তুলেছে গোটা আর্জেন্টাইন শিবিরকে।
মাঠের ট্রফি যার ঘরেই যাক না কেন, নিউ জার্সির এই মহাযুদ্ধের ভাগ্য মূলত গড়ে দেবে ৬টি সুনির্দিষ্ট ব্যক্তিগত ও কৌশলগত দ্বৈরথ:
১. রদ্রি বনাম এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার সেমিফাইনালে ফ্রান্সের গতিদানবদের রুখতে স্পেনের রক্ষণভাগের সামনে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে ছিলেন ব্যালন ডি’অর জয়ী মায়েস্ত্রো রদ্রি। মাঝমাঠের এই প্রাণভোমরার রিদম ভেঙে দেওয়ার সমস্ত রসদ আলবিসেলেস্তেদের আছে, তবে তা পুরোপুরি নির্ভর করছে এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের ওপর। এই জুটিকে এক মুহূর্তের জন্যও রদ্রিকে চোখের আড়াল করা চলবে না। রদ্রি যদি বল পায়ে একটুও সময় বা জায়গা পেয়ে যান, তবে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের বুটের তলায় নিয়ে নেবেন তিনি। আর্জেন্টিনার স্বস্তি হলো, কাতার বিশ্বকাপের সেই অতিমানবীয় রূপটা এই দুই ত্রাতা ঠিক ফাইনালের আগেই ফিরে পেয়েছেন—যা কোচ লিওনেল স্কালোনির জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর।
২. উনাই সিমন বনাম এমিলিয়ানো মার্তিনেজ পুরো টুর্নামেন্টে উনাই সিমন গোল হজম করেছেন মাত্র একটি, বিপরীতে আর্জেন্টিনার জাল কেঁপেছে সাতবার। কিন্তু ফাইনালে কার প্রভাব বেশি থাকবে—এই বাজিতে এমিলিয়ানো মার্তিনেজেরই পাল্লা ভারী। অবিশ্বাস্য সব ‘শট-স্টপিং’ আর মাঠের ভেতর স্নায়ু কাঁপানো মনস্তাত্ত্বিক কৌশলে প্রতিপক্ষকে খড়কুটোর মতো উড়িয়ে দেওয়ার এক অদ্ভুত জাদুকরী ক্ষমতা এই আর্জেন্টাইন প্রাচীরের আছে। বিপরীতে, টুর্নামেন্টে স্পেনের রক্ষণভাগ এতটাই নিরেট ছিল যে সিমনকে খুব বেশি কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়নি। তবে আজ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার আক্রমণভাগ যে উনাই সিমনকে ক্যারিয়ারের সবচেয়ে বড় অগ্নিপরীক্ষায় ফেলবে, তা বলাই বাহুল্য।
৩. মিকেল ওইয়ারজাবাল বনাম হুলিয়ান আলভারেজ/লাউতারো মার্তিনেজ মাঠের পজিশনের বিচারে এটা সরাসরি মুখোমুখি লড়াই নয়, তবে মিকেল ওইয়ারজাবাল এবং হুলিয়ান আলভারেজ নিজ নিজ দলের জন্য প্রায় একই ভূমিকা পালন করেন। সৌদি আরব আর অস্ট্রিয়ার বিরুদ্ধে ওইয়ারজাবালের জোড়া গোল লা রোহাদের আক্রমণভাগকে এক অন্য মাত্রা দিয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ এবার ঠিক নামের প্রতি সুবিচার করতে না পারলেও সুইজারল্যান্ডের বিরুদ্ধে তার দর্শনীয় গোলটি মনে করিয়ে দেয় তিনি কতটা ভয়ংকর। তবে ফাইনালের আগে কোচ স্কালোনি এক মধুর সমস্যায় পড়েছেন; ইংল্যান্ডের বিরুদ্ধে বদলি হিসেবে নেমে লাউতারো মার্তিনেজের সেই জয়সূচক বুলেট হেড আলবিসেলেস্তে শিবিরে নতুন হাওয়া দিয়েছে। ফলে অফ-ফর্মে থাকা আলভারেজকে সরিয়ে মার্তিনেজকে শুরুর একাদশে ফেরানোর একটা প্রবল চাপ থাকবে।
৪. লিওনেল মেসি বনাম মার্ক কুকুরেয়া ৩৯ বছর বয়সে এসেও এই বিশ্বকাপে মেসি প্রমাণ করেছেন যে, মাঠের দুই প্রান্ত ব্যবহার করে এখনো তিনিই বিশ্বের অন্যতম সেরা কার্যকর উইঙ্গার। মেসিকে ডান প্রান্তে সরিয়ে নেওয়ার পরই মিশর ও ইংল্যান্ডের বিরুদ্ধে মহাকাব্যিক জয় পেয়েছে আর্জেন্টিনা। তাই স্পেনের রক্ষণভাগের মার্ক কুকুরেয়াকে আজ সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, কারণ ১০ নম্বর জার্সিধারী এই মহাজাদুকর বারবার ডান প্রান্তে এসে কুকুরেয়ার ডিফেন্সিভ জোন কাঁপানোর চেষ্টা করবেন। তবে মেসি মাঠে রক্ষণাত্মক দায়িত্ব পালন করেন না বললেই চলে, আর এই সুযোগটা লুফে নিতে পারেন অতিমাত্রায় আক্রমণাত্মক মানসিকতার কুকুরেয়া।
৫. লামিন ইয়ামাল বনাম নিকোলাস তাগলিয়াফিকো বার্সেলোনার ১৯ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল চোট আর মানসিক চাপের কারণে নিজের চেনা ছন্দে পুরোপুরি না থাকলেও তার মনে এই দৃঢ় বিশ্বাস আছে যে, ফাইনালের মহাগুরুত্বপূর্ণ মুহূর্তেই তার সেরাটা বেরিয়ে আসবে। কাগজের কলমে ইয়ামাল বনাম নিকোলাস তাগলিয়াফিকোর লড়াইটা এক চরম অসম দ্বৈরথ মনে হচ্ছে। ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন লেফটব্যাক তাগলিয়াফিকোর ঝুলিতে অভিজ্ঞতার বিশাল ভাণ্ডার থাকলেও, ২০২৬ সালের এই ইয়ামালকে আটকানো তার জন্য কঠিন হবে। তাগলিয়াফিকো যদি মাঝমাঠ থেকে এনজো কিংবা লিসান্দ্রো মার্তিনেজের কাছ থেকে নিরেট সাহায্য না পান, তবে ডানপ্রান্তে ইয়ামালের গতি আর ড্রিবলিংয়ের ঝড়ে তার রক্ষণভাগ স্রেফ খড়কুটোর মতো উড়ে যেতে পারে।
৬. লুইস দে লা ফুয়েন্তে বনাম লিওনেল স্কালোনি ফাইনালের ভাগ্য আসলে নির্ধারিত হবে ডাগআউটে বসা দুই মাস্টারমাইন্ডের ট্যাকটিক্যাল দাবার চালে। স্পেনের লুইস দে লা ফুয়েন্তে টানা ছয়টি ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই জয় তুলে নিয়ে দলকে ফাইনালে এনেছেন। পেদ্রিকে বেঞ্চে বসিয়ে ফ্যাবিয়ান রুইজের ওপর আস্থা রাখার মতো সাহসী সিদ্ধান্ত নিয়ে তিনি সফল হয়েছেন। অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মোড় ঘুরিয়ে দেওয়া বদলি খেলোয়াড় নামানোর জন্য লিওনেল স্কালোনি প্রচুর বাহবা পেয়েছেন। তবে গ্রুপ পর্বে দলটিকে বড্ড বেশি ‘মেসি-নির্ভর’ মনে হয়েছে। দে লা ফুয়েন্তের হাতে এখন এক গোছানো, ভারসাম্যপূর্ণ উইনিং কম্বিনেশনের দল আছে। তাই ম্যাচের প্রথম বাঁশি থেকেই স্কালোনির ওপর সঠিক কৌশল বেছে নেওয়ার এক প্রবল মনস্তাত্ত্বিক চাপ থাকবে।