ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ভীমরুলী পেয়ারা বাগানে উচ্চ শব্দের গান ও বড় ট্রলার নিষিদ্ধ


  • আপলোড সময় : বুধবার ২২ জুলাই, ২০২৬ সময় : ৬:০৮ পিএম

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভীমরুলী পেয়ারা বাগান ও ভাসমান বাজারের পরিবেশ, জীববৈচিত্র্য এবং পর্যটনবান্ধব পরিবেশ সংরক্ষণে নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। এখন থেকে এ এলাকায় ডিজে, লাউডস্পিকার ও উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার এবং বড় ইঞ্জিনচালিত ট্রলার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই ২০২৬ তারিখে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভীমরুলী পেয়ারা বাগান ও ভাসমান বাজার দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতিবছর দেশ-বিদেশের হাজারো পর্যটক এখানে ভ্রমণে আসেন। পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চ শব্দে গান, বড় ট্রলার চলাচল এবং অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে। এসব বিষয় বিবেচনায় রেখে পরিবেশ রক্ষা ও নিরাপদ পর্যটন নিশ্চিত করতে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, পর্যটন এলাকায় কোনো ধরনের ডিজে, লাউডস্পিকার বা উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। একই সঙ্গে বড় ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে বাগান এলাকায় প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। পর্যটকদের ছোট ও মাঝারি আকারের নৌকা ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে।

এছাড়া পলিথিন, প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্টসহ যেকোনো ধরনের বর্জ্য খাল বা পানিতে ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি নৌকায় অন্তত একটি ডাস্টবিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ ও অপসারণ করা যায়।

নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি ট্রলার বা নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফ বয়া রাখতে হবে। কোনো অবস্থাতেই নৌযানের ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।

এ ছাড়া প্রশাসনের অনুমতি ছাড়া পেয়ারা বাগানে প্রবেশ, পেয়ারা বা আমড়ার গাছের পাতা ছেঁড়া কিংবা গাছের ক্ষতি করা নিষিদ্ধ করা হয়েছে। পর্যটন এলাকায় ইভটিজিং প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে শালীন আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভীমরুলী পেয়ারা বাগান ও ভাসমান বাজারকে পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে প্রশাসন।


এ সম্পর্কিত আরো খবর