গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের অনুকূলে বরাদ্দকৃত এডিপির (বিশেষ বরাদ্দ) অর্থায়নে ক্রীড়া সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ করা হয়েছে। এ উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি সরকারি কলেজ, একটি টেকনিক্যাল স্কুল, ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ছয়টি মাদ্রাসায় পর্যায়ক্রমে হারমোনিয়ামের পরিবর্তে সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। পাশাপাশি ক্রীড়া সামগ্রী ও স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হয়।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, উপজেলার সার্বিক চাহিদার তুলনায় বরাদ্দ এখনও অপ্রতুল। তারপরও শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, এডিপির অর্থায়নে সংশ্লিষ্ট সব নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বরাদ্দ বিতরণ করা হচ্ছে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন সবসময় সচেষ্ট।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উপকরণ বিতরণ শিক্ষার্থীদের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
এর আগে জেলা প্রশাসক আফরোজা পারভীন উপজেলা চত্বরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি বনসাই গাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।