ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীতে ব্যাপক প্রস্তুতি, অনুষ্ঠানস্থল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী


  • আপলোড সময় : সোমবার ২৭ জুলাই, ২০২৬ সময় : ৮:২৪ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রশাসন ও স্থানীয় পর্যায়ে চলছে নানা প্রস্তুতি। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত কার্যক্রমও জোরদার করা হয়েছে।

সফরকে সামনে রেখে রোববার (২৬ জুলাই) সম্ভাব্য অনুষ্ঠানস্থল ও সংশ্লিষ্ট বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম।

বিকেলে দুই প্রতিমন্ত্রী কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি হ্যাচারি, কটিয়াদী সরকারি কলেজ মাঠ, সম্ভাব্য হেলিপ্যাড, আচমিতা মিনি স্টেডিয়াম এবং বেতালডুবি খাল পরিদর্শন করেন। এর আগে প্রতিমন্ত্রী শরিফুল আলম জালালপুর-লোহাজুরি এলাকায় অবস্থিত শহীদ জিয়ার কাটা খাল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ (ভিপি সোহেল), কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রুহুল আমিন আকিল, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মিজানুর রহমান, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী আচমিতা ইউনিয়নের চারিপাড়া সরকারি হ্যাচারিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে দেশের মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সফল মৎস্যচাষীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে অনুষ্ঠানস্থল প্রস্তুতি, সড়ক যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ সরবরাহসহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সফর সফল করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে কটিয়াদীর মৎস্য খাতের সম্ভাবনা জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে। পাশাপাশি চারিপাড়া সরকারি হ্যাচারির আধুনিকায়ন, জলাশয় সংরক্ষণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হতে পারে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতোমধ্যে কটিয়াদীজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা সফর সফল করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


এ সম্পর্কিত আরো খবর