ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ হবে তরুণরা

দেশব্যাপী জাতীয় এআই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৫:৫৩ পিএম

বগুড়া প্রতিনিধি 

যুব উন্নয়ন অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২ আগস্ট) বগুড়ার মম ইন অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, প্রকল্প পরিচালক এবং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই হাজার প্রশিক্ষণার্থী, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও সমন্বয়কারীরা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। উপস্থিত ও ভার্চ্যুয়ালি যুক্ত অতিথিরা তরুণ প্রশিক্ষণার্থীদের আইটি ও এআই প্রযুক্তিতে দক্ষ হতে উদ্বুদ্ধ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

উদ্বোধনী বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের যুবসমাজকে আগামী দিনের আধুনিক ও প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য পুরোপুরি প্রস্তুত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সাথে তিনি বগুড়াসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার নতুন পরিকল্পনার কথাও ব্যক্ত করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রযুক্তিভিত্তিক যুব দক্ষতা উন্নয়নে সরকারের এই যুগান্তকারী উদ্যোগ স্থানীয় পর্যায়ে তরুণদের কর্মসংস্থানের সুযোগ অনেক গুণ বাড়াতে সহায়তা করবে। তিনি সকল প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে বাস্তবে কাজে লাগিয়ে নিজেদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে তোলার আহ্বান জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর ও আধুনিক দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই ধরনের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশিক্ষণার্থীরা যাতে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে সঠিক দক্ষতা অর্জন করতে পারেন, সে বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম জানান, পুরো প্রকল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্বমানের দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই নিখুঁতভাবে প্রণয়ন করা হয়েছে। এই প্রশিক্ষণে অংশ নেওয়া তরুণদের বিভিন্ন আধুনিক এআই টুলের সরাসরি ব্যবহারের সুযোগ দেওয়া হবে, যেন তারা দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং ও কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ হয়ে উঠতে পারেন।

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম তুলে ধরেন, প্রকল্পটির মূল লক্ষ্য তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণদের এআই প্রযুক্তিতে দক্ষ করে তোলা। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ৬৪টি জেলা থেকে যোগ্যতার ভিত্তিতে ২৫ জন করে মোট ১,৬০০ জন প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়েছে। সর্বমোট ৪৪৮টি ব্যাচে এই বিস্তারিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে, যেখানে প্রতিটি ব্যাচে ২৫ জন করে অংশ নেবেন। প্রতিটি কোর্সের মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই মাস। এই সময়ে ৫০টি সুনির্দিষ্ট ক্লাসের মাধ্যমে মোট ৩০০ ঘণ্টার নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানের শেষভাগে যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান ফ্রিল্যান্সিং প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কারী ৮ জন সফল ফ্রিল্যান্সারের হাতে বিশেষ সম্মাননা হিসেবে ল্যাপটপ তুলে দেওয়া হয়। পাশাপাশি রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ২৪ জন সফল ফ্রিল্যান্সারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর