জেলা প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালী শহরের যৌনপল্লীতে এসে রাসেল (৪৫) ওরফে ‘কালা রাসেল’ নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় শহরের সদর রোড সংলগ্ন যৌনপল্লী এলাকার মনু মিয়ার বাড়ির নাজমা নামের এক নারী যৌনকর্মীর কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী সদর থানা পুলিশ।
নিহত রাসেলের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামে। তিনি ওই এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেল ৪টার দিকে কালা রাসেল যৌনপল্লীর মনু মিয়ার বাড়িরে নাজমার কক্ষে প্রবেশ করেন। এর প্রায় আধঘণ্টা পর, বিকেল সাড় ৪টার দিকে ঘরের ভেতর তাঁকে অসাড় ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন উপস্থিত অন্যান্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাসেলের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যৌনকর্মী জানান, ঘরের ভেতরে অসুস্থ হয়ে গামছা পরা অবস্থায় দু'টি ঢেকুর তুলে অসাড় হয়ে পড়েন ওই যুবক। বিষযটি জানতে পেরে তাঁরা পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এদিকে স্থানীয় অধিবাসীদের একাংশের ধারণা, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, "মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"