ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

অনাথ কিশোরকে মারধর করে ‘চোর’ বানিয়ে ভিডিও প্রচার!


  • আপলোড সময় : মঙ্গলবার ০৪ আগস্ট, ২০২৬ সময় : ৬:৩৩ পিএম

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে

জামালপুরের সরিষাবাড়ীতে এক অনাথ ও নিরপরাধ সপ্তম শ্রেণির ছাত্রকে অমানুষিক মারধর করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চোর’ সাজিয়ে ভিডিও কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগ উঠেছে এক চানাচুর বিক্রেতার বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে সমগ্র এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অভিযুক্ত হকার সুজনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় সচেতন মহল ও নেটিজেনরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোর নিরব (ছদ্মনাম) পিংনা ইউনিয়নের হাটখোলা এলাকার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন এবং মা-বাবা উভয়েই উচ্চশিক্ষিত ছিলেন। কয়েক বছর আগে তার মা স্ট্রোক করে মারা যান এবং পরবর্তীতে তার বাবাও মৃত্যুবরণ করেন। এতিম কিশোরটি বর্তমানে তার বৈমাত্রেয় মা ও আত্মীয়স্বজনদের তত্ত্বাবধানে থেকে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে।


সম্প্রতি নিরব এক প্রতিবন্ধী কিশোরকে সাথে নিয়ে ট্রেনে চড়ে শহীদনগর স্টেশন থেকে ইব্রাহীমাবাদ রেল স্টেশনে ভ্রমণে যায়। এ সময় ট্রেনে চানাচুর বিক্রি করা হকার সুজনের সঙ্গে পূর্বপরিচয় থাকার সুযোগে, সুজন ওই কিশোরকে প্রলোভন ও জোরজবরদস্তি করে একটি বিতর্কিত ভিডিও কনটেন্ট তৈরি করে। পরবর্তীতে ভিডিওটিতে নিরবকে পরিকল্পিতভাবে ‘টাকা চোর’ হিসেবে চিহ্নিত করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।


বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তোলপাড় শুরু হয়। ভিডিও ধারণের সময় ভুক্তভোগী কিশোরকে শারীরিকভাবে চরম নির্যাতন ও মারধর করা হয়, যার ফলে তার ঠোঁট ফেটে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়। সহজ-সরল এতিম ছেলেকে চোর বানিয়ে নির্যাতন ও সম্মানহানির অপরাধে অভিযুক্ত হকার সুজনের গ্রেপ্তারের দাবিতে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।


ঘটনার সত্যতা জানতে পেরে নিরবের এলাকার ক্ষুব্ধ লোকজন সরিষাবাড়ী থানায় যান এবং পুলিশের সহযোগিতায় অভিযুক্ত হকার সুজনের বাড়িতে উপস্থিত হন। অভিযুক্ত হকার সুজন পরবর্তীতে ক্ষমা চাইলেও নিরীহ ও অসহায় এক কিশোরের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপরাধে ক্ষুব্ধ এলাকাবাসী তা প্রত্যাখ্যান করেন। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান।


এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, "বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত আওতায় পড়ে না। যেহেতু এটি চলন্ত ট্রেনের ভেতরের ঘটনা, তাই এ বিষয়ে রেলওয়ে পুলিশ বা জিআরপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।"


জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, "ঘটনাটি আমি সরিষাবাড়ী থানার ওসির মাধ্যমে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। বিষয়টি জানার পর ঘটনাটি ঠিক কোন ট্রেন ও কোন জায়গায় ঘটেছে, তা সুনির্দিষ্টভাবে তদন্তের জন্য সরিষাবাড়ী ও টাঙ্গাইল রেলওয়ে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।"


এ সম্পর্কিত আরো খবর