ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কৃষকের ছদ্মবেশে দিনভর নজরদারি: নড়াইলে পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত সর্দার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৬ আগস্ট, ২০২৬ সময় : ৮:৪৭ পিএম

নড়াইলের কালিয়ায় দিনভর ছদ্মবেশ ধারণ করে এক অনন্য অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিনব এই কৌশলে গ্রেফতার করা হয়েছে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আরোজ আলী শেখকে (৫০)।

বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরোজ আলী শেখ জোকারচর গ্রামের হেমায়েত শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত সর্দার আরোজ আলীর উপস্থিতি ও অবস্থান নিশ্চিত করতে কালিয়া থানা পুলিশের সদস্যরা অভিনব কৌশল গ্রহণ করেন। অভিযানের সফলতা রক্ষার্থে পুলিশ সদস্যরা দিনভর সাধারণ মানুষের রূপ ধরে কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশে এলাকায় অবস্থান নেন এবং তাঁর গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে রাত ৮টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই গ্রামে ঘেরাও দিয়ে পরিকল্পিত অভিযান চালায় এবং আরোজ আলীকে হাতেনাতে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আরোজ আলী একজন চিহ্নিত ও দুর্ধর্ষ ডাকাত সর্দার। তাঁর বিরুদ্ধে নড়াইলের কালিয়া থানায় ৫টি, নড়াইল সদর থানায় ২টি, খুলনার দিঘলিয়া থানায় ১টি এবং গোপালগঞ্জ সদর থানায় ১টিসহ বিভিন্ন থানায় ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির অভিযোগে অন্তত ৯টি মামলা রয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আরোজ আলীকে পুলিশি হেফাজতে রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর দেওয়া তথ্যের সূত্র ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে নড়াইলসহ আশেপাশের এলাকায় জোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর