নতুন বছর শুরু হতে এখনও কিছুটা সময় বাকি থাকলেও ইতিমধ্যেই পরবর্তী বছরের অর্থাৎ ২০২৭ সালের ক্যালেন্ডার ঘিরে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে, হিজরি বর্ষপুঞ্জি অনুযায়ী আগামী ২০২৭ সালের পবিত্র রমজান মাস ঠিক কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কোন দিনে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে—তা নিয়ে আগাম হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে।
সম্প্রতি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গাণিতিক গণনা ও আধুনিক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের হিসাব প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্ডান নিউজ। তবে ইসলামি বিধান অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান শুরু ও ঈদের চূড়ান্ত দিন নির্ধারিত হওয়ায় ভৌগোলিক অবস্থানভেদে শেষ মুহূর্তে তারিখে একদিন এদিক-সেদিক বা তারতম্য হতে পারে।
জর্ডান নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবের সরকারি হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত প্রাতিষ্ঠানিক তথ্যে স্পষ্ট করা হয়েছে যে, ১৪৪৮ হিজরির পবিত্র রমজান মাসটি ২০২৭ খ্রিষ্টাব্দের প্রথম চার মাসের মধ্যেই পড়তে যাচ্ছে। গাণিতিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালে রমজান মাস শুরুর সম্ভাব্য প্রথম দিনটি হতে পারে ৮ ফেব্রুয়ারি, যা ক্যালেন্ডারের পাতায় পড়বে সোমবার।
প্রতিবেদনের বিশদ বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৭ সালের পবিত্র রমজানের নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার, যা ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখের সাথে মিলে যায়। সেই হিসেবে হিজরি বর্ষের অষ্টম মাস অর্থাৎ শাবান মাসটি ৩০ দিন পূর্ণ হতে পারে এবং আগামী ৭ ফেব্রুয়ারি (রোববার) দিনটি শেষ হবে। এর পরদিনই অর্থাৎ ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে বিশ্বব্যাপী রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান শুরু হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ২০২৭ সালের মহা আনন্দ উৎসব পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে জ্যোতির্বিজ্ঞানের ওই প্রতিবেদনে বলা হয়, আগামী ১৪৪৮ হিজরি সনের রমজান মাসটি ২৯ দিনে শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে রমজান মাসটি আগামী ২০২৭ সালের ৮ মার্চ (সোমবার) সম্পন্ন হতে পারে। আর এর পরদিন অর্থাৎ ৯ মার্চ (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন পালিত হতে পারে বলে আশা করা হচ্ছে।