২০২৬ নারী এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল রোববার (১৬ আগস্ট) ঘোষিত পৃথক এই দুটি দলীয় স্কোয়াডেই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক ফাতিমা সানার কাঁধে।
দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে ব্যস্ততার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দলের সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি ফাতিমা সানা। তবে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের মতো দুই মহাদেশীয় গুরুত্বপূর্ণ আসরে তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন।
আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আট দেশের ডিপি ওয়ার্ল্ড নারী এশিয়া কাপ ২০২৬। টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে স্থান পেয়েছে পাকিস্তান, যেখানে তাদের সঙ্গী শক্তিশালী ভারত, থাইল্যান্ড ও হংকং চীন। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে লড়াই করবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
এশিয়া কাপে পাকিস্তানের মিশন শুরু হবে ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ৫ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং ৭ সেপ্টেম্বর হংকং চীনের মুখোমুখি হবে তারা। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর এবং পর্দা নামবে ১৩ সেপ্টেম্বরের মেগা ফাইনালের মধ্য দিয়ে।
অন্যদিকে, জাপানের আইচির কোরোগি অ্যাথলেটিক পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসে নারী ক্রিকেট ইভেন্টে কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করবে পাকিস্তান। আগামী ১৭ সেপ্টেম্বর চতুর্থ কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে থাইল্যান্ডের। কোয়ার্টার ফাইনাল পার হতে পারলে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা কিংবা মালয়েশিয়া। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর ব্রোঞ্জ ও স্বর্ণপদক নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে নারী ক্রিকেটে স্বর্ণ জিতেছিল পাকিস্তান।
পিসিবির ঘোষিত দুই স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটারই অভিন্ন। উভয় দলে জায়গা পেয়েছেন—ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলী সিদ্দিকী, শাওয়াল জুলফিকার, আয়েশা জাফর, গুল ফেরোজা, সাইরা জাবিন, আইমান ফাতিমা, ইমান নাসির, উম্মে-হানি, তুবা হাসান, নাশরা সান্ধু ও মোমিনা রিয়াসাত। তবে এশিয়া কাপের দলে বিশেষ সংযোজন হিসেবে রয়েছেন নাজিহা আলভি, ওয়াহিদা আখতার ও সাদিয়া ইকবাল। অন্যদিকে এশিয়ান গেমসের দলে তাদের জায়গায় অন্তর্ভুক্ত হয়েছেন আলিয়া রিয়াজ, তাসমিয়া রুবাব ও হুমনা বিলাল।