ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

গণভোটের রায় বাস্তবায়ন করে রাষ্ট্রপতি ভোট চেয়েছিলাম: নাহিদ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬ সময় : ৬:২৮ পিএম

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে পদটি আরও সম্মানিত হতো।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের কথা থাকলেও সেটি বাস্তবায়ন করা হয়নি। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি। বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তারা তা করছে না বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করার লক্ষ্যেই তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁর অভিযোগ, বিএনপি বক্তব্যে এক ধরনের অবস্থান প্রকাশ করলেও বাস্তবে ভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। দলটি জুলাই সনদ ও গণভোটের রায়ের বিপরীতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

গণভোটের রায়ের সঙ্গে সরকার প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে সরকার প্রতারণা করেছে। একই সঙ্গে সারাদেশে দলীয়করণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচনেও একই ধরনের প্রক্রিয়া দেখা যাচ্ছে। তাঁর ভাষ্য, দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। যেখানে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই এবং আগেই ফলাফল নির্ধারণ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে গণতন্ত্রের পক্ষে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে ভারসাম্য থাকার কথা, এই নির্বাচনের মাধ্যমে দেশ সেই ভারসাম্যের দিকে এগোতে পারছে না। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি তাদের রাজনৈতিক অবস্থানেরও বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জনগণকে একটি রাজনৈতিক বার্তা দেওয়ার পাশাপাশি গণতন্ত্রের প্রতি নিজেদের শ্রদ্ধার বিষয়টি তুলে ধরতেই তারা এই নির্বাচনে অংশ নিয়েছেন। সরকার প্রয়োজনীয় সংস্কার না করলেও বিরোধীদল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনকে প্রতিযোগিতামূলক করা এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই বিরোধীদল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। এর মাধ্যমে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আলোচনা সামনে আনার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

তাঁর মতে, রাষ্ট্রপতি নির্বাচন শুধু একজন ব্যক্তি নির্বাচনের বিষয় নয়; এর সঙ্গে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং গণতান্ত্রিক চর্চার বিষয়ও জড়িত। তাই রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীন ভোটের সুযোগ ও কার্যকর প্রতিযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।

নাহিদ ইসলাম বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্ব দেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর