রাজধানীর গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ করাতিটোলা এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি সাদা রঙের প্রাইভেটকার ও ছয়টি স্মার্টফোনও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সজীব (২৮), মো. হিমু (৩২), মো. তুষার (২৫), মো. জয় (২৫), মো. টুটুল (৩৩) ও মো. ইমরান (৩৪)।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। তিনি জানান, যাত্রাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ অভিযানিক দল তথ্য পায়, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেটকারে অবৈধ মাদকদ্রব্য ঢাকায় প্রবেশ করছে। এর ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ইউটার্নসংলগ্ন মুক্তি পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।
পরে ঢাকা মেট্রো গ-৩১-৩৬৪৬ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে থাকা পাঁচজনকে আটক করা হয়। তাদের দেহ ও গাড়িতে তল্লাশি চালিয়েও তাৎক্ষণিকভাবে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে অবৈধ মাদকদ্রব্য থাকার তথ্য দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি অভিযানিক দল ওই ফ্ল্যাটে অভিযান চালায়।
অভিযানের সময় গ্রেপ্তার সজীব ও হিমুর দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্ল্যাটের একটি কক্ষের খাটের নিচে তল্লাশি চালানো হয়। সেখানে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানে আসামিদের ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার এবং ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে তদন্ত করছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মো. সজীবকে ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র ও মাদকের গডফাদার হিসেবে পরিচিত সজল ওরফে অটো সজলের ছোট ভাই হিসেবে শনাক্ত করা হয়েছে। এর আগে গত ২ মার্চ ২০২৬ অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের উদ্দেশ্যে বিশেষ অভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন পরিদর্শককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওয়ারী থানায় মামলা করা হয়।
মামলাটির তদন্তকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, একটি ৩২ বোর রিভলবার, একটি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা যায়, ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র সজল ওরফে অটো সজল সরবরাহ করেছিলেন।
পরবর্তীতে গত ১৮ জুন ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকা থেকে সজল ওরফে অটো সজলকে আটক করা হয়। পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় তার ভাড়া করা বাসায় অভিযান চালানো হয়। ওই অভিযানে দুটি টরাস ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের উপকরণ, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গেন্ডারিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়। সর্বশেষ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র ও গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।