ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ইয়ামালের জোড়া গোলে উড়ে গেল ভ্যালেন্সিয়া


  • আপলোড সময় : সোমবার ০৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১০:৩৩ এএম

ক্রীড়া প্রতিবেদক 

আক্রমণের জোয়ার ছিল শুরু থেকেই, শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়াকে সুযোগ না দিয়ে গোলবন্যায় উড়িয়ে দিলো বার্সেলোনা। নিজেদের সর্বশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় লা লিগার টেবিলে কাতালানরা শীর্ষেই ছিল। তবে সামনে ছিল ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার মোক্ষম সুযোগ। সেটাই পুরোদমে কাজে লাগাল হ্যান্সি ফ্লিকের দল। লামিনে ইয়ামাল ও রাফিনিয়াদের চমৎকার গোলে ভ্যালেন্সিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।

 

প্রতিপক্ষের মাঠ মেস্তায়া স্টেডিয়ামে দাপুটে এক ম্যাচ উপহার দিলো লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচ জুড়ে ৭৪ শতাংশ বল পজেশন ধরে রাখার পাশাপাশি গোলের লক্ষ্যে তারা ১০টি শট নেয়। বার্সার পক্ষে দুর্দান্ত খেলে ইয়ামাল করেছেন জোড়া গোল, এ ছাড়া দলের হয়ে একটি করে গোল করেছেন ফারমিন লোপেজ, রাফিনিয়া ও পেদ্রি।

 

ম্যাচের ৬ মিনিটেই সফরকারী বার্সা প্রথম লিড নেয়। লোপেজের বাড়ানো দারুণ এক পাস পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে এড়িয়ে প্রথম ছোঁয়ায় বল জালে জড়ান তরুণ তারকা ইয়ামাল। এর দুই মিনিট পর তিনি নিজের ও দলের লিড দ্বিগুণ করলেও সেটি বাতিল হয় অফসাইডের কারণে। তবে চাপ ধরে রেখে ম্যাচের ২২ মিনিটে ব্যবধান বাড়ায় বার্সেলোনা; লোপেজ আড়াআড়ি শটে দূরের পোস্ট কাঁপিয়ে স্কোরলাইন ২-০ করেন। মাঝমাঠে রদ্রির ভুলে গোল হজম করতে পারত বার্সা, তবে স্বাগতিক খেলোয়াড় দানইয়োমার শট সামনে এগিয়ে এসে রুখে দেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া।

 

এরপরও আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে বার্সেলোনা। ইয়ামালের একটি দূরপাল্লার শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায় এবং লোপেজের আরও একটি শট ভ্যালেন্সিয়া গোলরক্ষকের হালকা পা ছুঁয়ে পোস্টে লেগে মাঠের বাইরে চলে যায়। অন্যদিকে ভ্যালেন্সিয়া প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া স্বাগতিকদের শট ঠেকিয়ে দলের ক্লিনসিট ধরে রাখেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে ইয়ামালের নেওয়া শট পরাস্ত করেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক।

 

বিরতির পর মাঠে ফিরে পঞ্চম মিনিটেই স্কোরশিটে নাম তোলেন আগের তিন ম্যাচেই গোল করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। লোপেজ গোলমুখে নিখুঁত বল বাড়ালে আলতো টোকায় দলের তৃতীয় গোলটি করেন রাফিনিয়া। চলতি আসরে আগে থেকেই গোলদাতাদের শীর্ষে থাকা রাফিনিয়া করলেন নিজের ষষ্ঠ গোল। এই গোলের মাধ্যমে লা লিগায় গোলের হাফসেঞ্চুরিও পূরণ হয়ে গেল এই সেলেসাও তারকা ফরোয়ার্ডের।

 

এর মিনিট পাঁচেক পর রদ্রির নেওয়া একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর অল্প সময়ের ব্যবধানে লোপেজ ও অ্যান্থনি গর্ডনও গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। লোপেজের বাড়ানো বলে অল্পের জন্য পা ছোঁয়াতে পারেননি রাফিনিয়া। ম্যাচের ৭৯ মিনিটে দানি ওলমোর বাড়ানো বল ধরে পেদ্রি গতিময় শটে ভ্যালেন্সিয়া গোলরক্ষককে পরাস্ত করে স্কোরলাইন ৪-০ করেন।

 

এর একটু পরেই স্প্যানিশ এই মিডফিল্ডারকে মাঠ থেকে তুলে নিয়ে ব্রাজিলিয়ান নতুন সাইনিং গ্যাব্রিয়েল জেসুসকে অভিষেক করান বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচের ৮৪তম মিনিটে ইয়ামাল তার দ্বিতীয় গোলটি করলে কাতালানরা ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে। এই নিয়ে চলতি লা লিগা মরশুমে ৪ ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

 


এ সম্পর্কিত আরো খবর