বগুড়ার শিবগঞ্জে সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক চরম মাদকাসক্ত ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে তার নিজের পরিবার। ওই ঘটনায় মৃত ব্যক্তির স্বজন ও পরিবারকে ঘিরে সামাজিক ও রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মৃতের ৮ ভাই ও বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা যৌথভাবে এই ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত কামরুজ্জামানের বড় ভাই ও স্থানীয় তহশিলদার মো. মিজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর ছোট ভাই কামরুজ্জামান দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে মাদকের নেশায় আসক্ত ছিলেন। অনিয়ন্ত্রিত ভবঘুরে জীবনযাপনের কারণে তিনি নেশার টাকা জোগাড় করতে গিয়ে নিজের প্রাপ্য সমস্ত জমিজমা ও সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েন। পরবর্তীতে টাকার জন্য তিনি প্রতিনিয়ত পরিবারের সদস্যদের ওপর চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
পরিবারের অভ্যন্তরীণ বিরোধের প্রেক্ষাপট তুলে ধরে মিজানুর রহমান আরও বলেন, পারিবারিক অমীমাংসিত কলহের জের ধরে কামরুজ্জামান তাঁর অপর ভাই, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমানের সাথে তীব্র দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ওবায়দুর রহমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির রাজনৈতিক অনুসারী হওয়ায়, কামরুজ্জামান নেশাগ্রস্ত অবস্থায় উক্ত প্রতিমন্ত্রীর নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট লাইভ ভিডিও প্রচার করেন।
শারীরিক অসুস্থতার বিবরণ দিয়ে তিনি জানান, ভিডিওটি ছড়ানোর কয়েক দিন পর গত ৭ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে কামরুজ্জামানকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর ১০ সেপ্টেম্বর তাঁকে ছাড়পত্র দেওয়া হলেও ১৫ সেপ্টেম্বর তিনি পুনরায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরদিন ১৬ সেপ্টেম্বর ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের দাবি, একজন মাদকাসক্ত ব্যক্তির স্বাভাবিক মৃত্যুকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল সম্মানহানির উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই চক্রের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
আকাশজমিন / আরআর