ক্রীড়া ডেস্ক
আবাসন সংকট, পরিবহন বিভ্রাট ও নানা ব্যবস্থাপনাগত সমালোচনার মেঘ সঙ্গী করেই জাপানের আইচি-নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে এশিয়ার ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মহাযজ্ঞ ‘এশিয়ান গেমস’। দীর্ঘ ৩২ বছর পর জাপান আবারও এই মর্যাদাপূর্ণ গেমসের স্বাগতিক হওয়ার সুযোগ পেয়ে নিজেদের সেরাটা প্রমাণে বদ্ধপরিকর। জাপানের নাগোয়ার মিজু হো পার্ক স্টেডিয়ামে শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ২০তম এশিয়ান গেমসের আনুষ্ঠানিক পর্দা উন্মোচিত হতে যাচ্ছে, যদিও প্রথা অনুযায়ী ইতিমধ্যেই ক্রিকেট ও ফুটবলসহ কয়েকটি ডিসিপ্লিনের প্রাথমিক খেলা শুরু হয়ে গেছে।
চার বছর পর পর এশিয়া মহাদেশের সেরা ক্রীড়াবিদদের এই মিলনমেলা বসলেও, এবারের আয়োজনের শুরুতেই বেশ কিছু নেতিবাচক পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে আয়োজকদের। বিশেষ করে প্রায় ১৭ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তার জন্য ঐতিহ্যবাহী একটি সমন্বিত 'অ্যাথলেটস ভিলেজ' তৈরি না করে বিভিন্ন হোটেল, অস্থায়ী কক্ষ ও ক্রুজশিপে থাকার বিকল্প ব্যবস্থা করা নিয়ে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) সমালোচনার মুখে পড়েছে। বাজেটের অতিরিক্ত খরচ কমানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলেও কক্ষের সংকুচিত আকার ও ছোট বিছানা নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই আবাসন সংকট মেটাতে নাগোয়া বন্দরে ভিড়ানো হয়েছে ইতালি থেকে আসা ১ লাখ টন ওজনের বিশাল ক্রুজ জাহাজ 'কোস্টা সেরেনা', যার ১,৫০০টি কেবিনে অবস্থান করছেন প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ।
আবাসন সমস্যার পাশাপাশি সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়া এবং টাইফুনের আশঙ্কাও আয়োজকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে নাগোয়া ও আশেপাশের এলাকার ট্রেন যোগাযোগ ব্যাহত হলে কয়েকশ ক্রীড়াবিদকে নিরাপদে অস্থায়ী আশ্রয়ে সরিয়ে নিতে হয়। তবে গত দুদিনের ঝলমলে রোদ আয়োজক ও অ্যাথলেটদের মনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।
যাবতীয় বিতর্ক ও প্রতিকূলতা কাটিয়ে মাঠের লড়াইয়ে মনোযোগ দেওয়াই এখন আয়োজকদের মূল লক্ষ্য। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরটি জাপানের ইতিহাসে সর্ববৃহৎ এশিয়ান গেমস। এতে ৪৫টি দেশ ও অঞ্চলের ১১ হাজারের বেশি ক্রীড়াবিদ ৪৩টি ডিসিপ্লিনের ৪৬৯টি পদক ইভেন্টে লড়াই করবেন। ই-স্পোর্টস ছাড়াও সার্ফিং, প্যাডেল, ভার্চুয়াল তায়কোয়ান্দো, টেকবল ও মিক্সড মার্শাল আর্টসের মতো আধুনিক ডিসিপ্লিনগুলো এবারের আসরে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে, যার বেশ কিছু খেলা ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মূল টিকিট অর্জনের কোয়ালিফায়ার হিসেবে বিবেচিত হবে।
আকাশজমিন / আরআর