কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার দিবাগত
রাত সাড়ে ১২টার দিকে নিহত কিশোরের বাবা কে এম ফিরোজ
শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এই মামলাটি দায়ের
করেন। আলোচিত এই হত্যাকাণ্ডে সরাসরি
সম্পৃক্ত থাকার অভিযোগে ইতোমধ্যে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার
সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, নিহতের বাবার লিখিত এজাহারের ভিত্তিতে হত্যা মামলা রুজু করা হয়েছে। এজাহারে সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ না থাকলেও ঘটনার
মূল রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের
আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে আটক তিন সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর
আগে আজ রোববার সকাল
৯টার দিকে অপ্রতিমের নিথর মরদেহ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া
শেষে শেষবারের মতো কোটবাড়ীর গন্ধমতি এলাকার বাসা ‘নুরজাহান ভিলা’য় নিয়ে আসা
হয়। মরদেহ পৌঁছাতেই ওই এলাকায় এক
শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে একমাত্র সন্তানকে হারিয়ে মা নাহিদা বেগমের
আহাজারিতে উপস্থিত সবার চোখ অশ্রুসজল হয়ে ওঠে।
নিচতলায়
রাখা লাশবাহী গাড়ির পাশে ভিড় জমান অপ্রতিমের সহপাঠী, শিক্ষক, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
পরে সকাল পৌনে ১০টার দিকে মরদেহ বহনকারী গাড়িটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের উদ্দেশে যাত্রা করে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা শেষে মরদেহ আবার গন্ধমতি ঈদগাহ মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন করার পর স্থানীয় কবরস্থানে
তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এদিকে
সকালে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে কোটবাড়ীর নুরজাহান ভিলায় যান স্থানীয় নেতারা। এ সময় মুঠোফোনে
নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ
শাহরিয়ারের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। ফোনালাপে তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং এই অনাকাঙ্ক্ষিত বিয়োগব্যথায়
সান্ত্বনা জানান। কথা বলার একপর্যায়ে অপ্রতিমের বাবা কান্নায় ভেঙে পড়েন।
উল্লেখ্য,
গত শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের ব্যবহৃত আইফোন নিয়ে বাসা থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় অপ্রতিম। প্রায় ২২ ঘণ্টা পর
শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে পুলিশের ধারাবাহিক অভিযানে আটক এক কিশোরের কাছ
থেকে অপ্রতিমের নিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করা হয়।