সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শাসক পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। দুবাইয়ের শাসক এবং দেশের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম ৭৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২১ সেপ্টেম্বর) তার এই প্রয়াণের খবরে সংযুক্ত আরব আমিরাতের উচ্চপর্যায়ে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। তার প্রতি সম্মান জানিয়ে দুবাইজুড়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই সময়জুড়ে সকল সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম ছিলেন আধুনিক দুবাইয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী প্রয়াত শাসক শেখ রাশিদ বিন সাঈদ আল মাকতুমের সন্তান। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দুবাইয়ের নিরাপত্তা, ব্যবসা এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি দুবাই পুলিশ ও পাবলিক সিকিউরিটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি এআরএম হোল্ডিংয়ের চেয়ারম্যান এবং বিখ্যাত আল ওয়াসল স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দুবাইয়ের ঘোড়দৌড় ও ক্রীড়া সংস্কৃতিতে তার অবদান অবিস্মরণীয়; বিশেষ করে জেবেল আলি রেসকোর্স এবং জেবেল আলি স্টেবলস প্রতিষ্ঠায় তার প্রত্যক্ষ ভূমিকা ছিল।
প্রিয় ভাইয়ের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমসহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। দুবাই শাসকের দপ্তরের ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে শুরু হওয়া এই ১০ দিনের শোক পালনকালে সরকারি দপ্তরগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।