ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,  ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ৪ ডাকাত আটকসহ গ্রেপ্তার ১২


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:৪২ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। রাতের আঁধারে শীতলক্ষ্যা নদীতে সংঘবদ্ধ অপরাধের বড় একটি পরিকল্পনা ভেস্তে দিয়ে চার ডাকাতকে হাতেনাতে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুধু নদীপথেই নয়, বরং উপজেলাজুড়ে নাশকতা ও অপহরণ চক্রের বিরুদ্ধে চালানো ধারাবাহিক অভিযানে আরও বেশ কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই সাড়াঁড়াশি পদক্ষেপ এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে।


চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, মঙ্গলবার ভোরে পূর্বগ্রাম সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলারে চড়ে সশস্ত্র একদল অপরাধী বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদ ও স্থানীয় জনগণের তাৎক্ষণিক সহযোগিতায় ফাঁড়ি পুলিশের একটি চৌকস দল সেখানে দ্রুত ঝটিকা অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও চার সন্দেহভাজন ডাকাতকে শেষ পর্যন্ত আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃতরা হলেন—গন্ধবপুর এলাকার রেদওয়ান হোসেন, হিমেল মাহমুদ, তানভীর হোসেন এবং কামরুল হাসান। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।


এদিকে শীতলক্ষ্যার এই সফল অভিযানের পাশাপাশি রূপগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অপহরণ, নাশকতাসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আরও আটজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। সবমিলিয়ে একদিনের এই বিশেষ অভিযানে মোট ১২ জন অপরাধীকে পুলিশি জালে আটক করা সম্ভব হয়েছে। অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।


এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত মোট ১২ জন আসামিকে কঠোর আইনি প্রক্রিয়া ও নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলাকে সব ধরনের অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে সাধারণ জনগণের সচেতন সহযোগিতা ও তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।


এ সম্পর্কিত আরো খবর