কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের মালিকানাধীন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আলোচিত ফুওয়াং ক্লাবে অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা, নিরীক্ষা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক ও রাজস্ব সংক্রান্ত নানা অনিয়ম এবং পূর্বের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়।
শনিবার (৩ অক্টোবর) বিকালের দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার এই ক্লাবটিতে আইন প্রয়োগকারী ও রাজস্ব বোর্ডের সমন্বিত একটি দল প্রবেশ করে তল্লাশি শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে এই অভিযানের সুনির্দিষ্ট কারণ বা সাম্প্রতিক আপডেট সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে ২০১৯ সালেও জুয়া ও অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে ফুওয়াং ক্লাবটিতে আইনশৃঙ্খলা বাহিনী বড় ধরনের অভিযান চালিয়েছিল। ক্লাবটির মালিকানায় রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলাম।
এর মাত্র দু'দিন আগে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) শুল্কমুক্ত মদ মজুত এবং অননুমোদিত গুদাম ব্যবহারের অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালানো হয়েছিল। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)-এর ওই অভিযানে শেখ নূর ইসলামের মালিকানাধীন দুটি বৈধ ও দুটি অননুমোদিত গুদাম সিলগালা করা হয়েছিল। ধারাবাহিক এসব অভিযানের অংশ হিসেবেই শনিবার ফুওয়াং ক্লাবে এই যৌথ দল অভিযান চালায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।