সিরাজগঞ্জ প্রতিনিধি / : 80
নিষেধাজ্ঞা অমান্য করে ঝটিকা মিছিল বের করার অভিযোগে সিরাজগঞ্জ শহরে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে আয়োজিত ওই মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দলটির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে শহর ও এর আশপাশের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার সিরাজগঞ্জ শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের খবর পাওয়ার পরই পুলিশ তৎপর হয়ে ওঠে এবং ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতভর সদর থানা পুলিশ শহর ও সংলগ্ন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ সংগঠনের মিছিলের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া মহল্লার মৃত সোলেমান শেখের ছেলে বাতেন শেখ (৪০), একই মহল্লার আরিফ শেখের ছেলে নাবিল শেখ (২১), জানপুর এলাকার মৃত জমশের আলী শেখের ছেলে মাহবুবুল আলম (৪২), এবং বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের আশরাফুল আলমের ছেলে ইমরান শেখ (২৫), মৃত আব্দুল কাদের শেখের ছেলে আতিকুর রহমান (৪৬) ও মৃত শরিফুল ইসলামের ছেলে আল আমিন (৩৯)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এই মিছিল বের করা হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।