টেসলা ও স্পেসএক্সের শেয়ারের ঊর্ধ্বমুখী দামের সুবাদে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে আবারও ট্রিলিয়নিয়ারের খেতাব পুনরুদ্ধার করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের তথ্য অনুযায়ী, গত সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর পর তাঁর মোট সম্পদমূল্য ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এর আগে চলতি বছরের জুন মাসে তিনি প্রথমবারের মতো এই ক্লাবে প্রবেশ করলেও পরবর্তীতে শেয়ারের দরপতনের কারণে তা ধরে রাখতে পারেননি। সোমবার এক দিনেই তাঁর সম্পদ প্রায় ৩০ দশমিক ৬ বিলিয়ন বা ৩ হাজার ৬০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে।
ফোর্বসের রিয়েল-টাইম তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মোট সম্পদ প্রায় ৩৭১ দশমিক ৫ বিলিয়ন ডলার। অর্থাৎ বেজোসের তুলনায় মাস্কের সম্পদ বর্তমানে প্রায় ৬২৮ বিলিয়ন ডলার বেশি, যা তাকে ধনীর তালিকার শীর্ষে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে নিয়ে গেছে। গত জুনে স্পেসএক্স নাসডাকে তালিকাভুক্ত হওয়ার পর মাস্ক প্রথম এই গৌরব অর্জন করেছিলেন।
সাম্প্রতিক সময়ে টেসলার বৈদ্যুতিক গাড়ি সরবরাহের তৃতীয় প্রান্তিকের ফলাফল বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়ায় কোম্পানিটির শেয়ারদর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ইয়াহু ফাইন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে স্পেসএক্সের শেয়ারের দাম ১৭ দশমিক ৬১ শতাংশ এবং টেসলার শেয়ারদর ৫ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি স্পেসএক্সের স্টারশিপ রকেটের সফলভাবে প্রথমবার কক্ষপথে পৌঁছানো এবং মর্গ্যান স্ট্যানলির ইতিবাচক মূল্যায়নের ফলে কোম্পানিটির শেয়ারদর এক লাফে ৭ শতাংশের বেশি বেড়ে ১৭১ ডলারে পৌঁছায়। অন্যদিকে টেসলার শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৩৭৮ ডলারে।
ব্যবসা ও প্রযুক্তির বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাত নিয়েও বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সুপার ইন্টেলিজেন্স’ শব্দটির প্রতি সমর্থন জানিয়ে তিনি সম্প্রতি তাঁর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের এআই শাখা স্পেসএক্সএআই-এর নাম পরিবর্তন করে ‘স্পেসএক্সএসআই’ করার প্রস্তাব দিয়েছেন। হোয়াইট হাউসে এআই খাতের শীর্ষ ব্যক্তিদের সাম্প্রতিক বৈঠকের পর এই পরিবর্তনের গুঞ্জন জোরালো হয়েছে, যেখানে মাস্কের মালিকানাধীন চ্যাটবট গ্রোকও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
এদিকে পেশাগত সাফল্যের পাশাপাশি মাস্ককে ঘিরে ব্যক্তিগত ও বিনোদন জগতেও চলছে নানা আলোচনা। পরিচালক অ্যালেক্স গিবনির নির্দেশনায় মাস্কের জীবন ও বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে নির্মিত দীর্ঘ চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’ চলতি মাসেই নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। তবে তথ্যচিত্রটির সমালোচনামূলক পর্যালোচনার কারণে মাস্ক ইতোমধ্যে নির্মাতার বিরুদ্ধে মানহানির আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি নিউরালিংকের নির্বাহী ও তাঁর সাবেক সঙ্গী শিভন জিলিস তাঁদের সম্পর্কের ইতি ঘটার ঘোষণা দিয়েছেন, যাঁদের ঘরে চারটি সন্তান রয়েছে। (সূত্র: ফোর্বস, ইয়াহু ফাইন্যান্স)