জনপ্রিয় মার্কিন টেলিভিশন ধারাবাহিক 'ব্রেকিং ব্যাড'-এ ওয়াল্টার 'ফ্লিন' হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা আমেরিকান অভিনেতা আরজে মিটি (৩৪) মারা গেছেন।
ভ্যারাইটিতে দেওয়া এক শোকবার্তায় মিটির প্রতিনিধি জানান, "আমাদের প্রিয় অভিনেতা, সমাজসেবক এবং প্রতিবন্ধী অধিকার আন্দোলনের সক্রিয় কর্মী আরজে মিটির এই আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।"
অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধীদের অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে আজীবন কাজ করে গেছেন আরজে মিটি। তিনি 'ইউনাইটেড সেলিব্রাল পলসি' এবং 'শ্রাইনার্স চিলড্রেনস'-এর শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া 'মিটি ফাউন্ডেশন'-এর প্রধান হিসেবে নানা দাতব্য কার্যক্রম পরিচালনা এবং প্রতিবন্ধী মানুষদের সম্পর্কে সমাজের বাঁধাধরা ধারণা ভাঙতে তিনি নিরলস ভূমিকা রেখে গেছেন।
'ব্রেকিং ব্যাড' ছাড়াও তিনি 'সুইচড অ্যাট বার্থ', নেটফ্লিক্সের 'দ্য গার্ডিয়ানস অব জাস্টিস', সায়েন্স ফিকশন সিনেমা 'দ্য রিকল' এবং ২০২০ সালের থ্রিলার 'দ্য ওক রুম'-এ অভিনয় করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। মৃত্যুর ঠিক কয়েক দিন আগেও তিনি তাঁর নতুন চলচ্চিত্র 'টকইন টু স্ট্রেঞ্জার্স'-এর প্রচারে ব্যস্ত ছিলেন এবং বিভিন্ন পডকাস্টে অংশ নিয়েছিলেন।