বিনোদন ডেস্ক:
অনলাইন মাধ্যমে অযৌক্তিক কুরুচিপূর্ণ ট্রল ও কটাক্ষের শিকার বলিউডের দুই শীর্ষ অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও কৃতি শ্যাননের পক্ষে এবার শক্ত অবস্থান নিয়েছেন তারকা অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। নেটপাড়ায় নারীদের শরীর ও সিদ্ধান্ত নিয়ে বিচার করার প্রবণতার তীব্র সমালোচনা করে ম্রুনাল প্রশ্ন তুলেছেন—চলচ্চিত্রশিল্পে এই দুই নারীর দীর্ঘদিনের অবদান কি ট্রলকারীরা এত সহজেই ভুলে গেছেন?
সম্প্রতি সন্তানসম্ভবা ও মাতৃত্বকালীন শারীরিক পরিবর্তনের কারণে ক্যাটরিনা কাইফকে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসিত ট্রলের মুখোমুখি হতে হয়েছে, ঠিক তেমনি একটি নির্দিষ্ট বিজ্ঞাপনে অভিনয়ের কারণে চরম সমালোচনার মুখে পড়েন কৃতি শ্যানন। এই দুই সহকর্মীর প্রতি সংহতি প্রকাশ করে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দেন ম্রুনাল।
সাক্ষাৎকারে ম্রুনাল ঠাকুর বলেন, "ক্যাটরিনা ও কৃতি দুইজনই অত্যন্ত কঠোর পরিশ্রমী ও অসাধারণ নারী। ভারতীয় চলচ্চিত্রশিল্পে তো বটেই, আন্তর্জাতিকভাবেও তাঁদের বড় অবদান রয়েছে। শুধু ভারত নয়, যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে তাঁরা সফলতার সঙ্গে ব্র্যান্ড ও ব্যবসা পরিচালনা করছেন। তাদের এত অসামান্য অর্জন ও কাজকে বাদ দিয়ে যারা সামান্য বিষয়ে নেতিবাচক মন্তব্য বা ট্রল করছেন, তারা কি সেসব ভুলে গেছেন? কাউকে নিয়ে এভাবে ক্রমাগত নেতিবাচক কথা বলা একদমই অনুচিত।"
ম্রুনাল আরও উল্লেখ করেন, বর্তমানে কেবল নারী নয়, পুরুষদেরও অনাকাঙ্ক্ষিত সমালোচনার শিকার হতে হচ্ছে। নেট মাধ্যমে অন্যদের সহজে 'জাজ' বা বিচার করার একটি ক্ষতিকর সংস্কৃতি তৈরি হয়েছে যা বন্ধ হওয়া উচিত।
উল্লেখ্য, ম্রুনাল ঠাকুর বর্তমানে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত থ্রিলার চলচ্চিত্র ‘পূজা মেরি জান’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নাভজ্যোত গুলাটি পরিচালিত এই সিনেমাটি গত ২ অক্টোবর আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। ছবিটিতে ম্রুনালের পাশাপাশি হুমা কুরাইশি ও বিজয় রাজ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।