ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,  ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী হরমুজে ইউএই-এর জাহাজডুবি: সমুদ্রে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের পরিকল্পনা: মন্ত্রী পূজার আলপনা না বিপজ্জনক ফাঁদ? ফ্লাইওভারে বাইক চলাচল বন্ধ জয়দেবপুরে আসামি ছিনাতে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ দুর্গাপূজার নিরাপত্তায় ঢাকা বিভাগে ৫১ হাজার ৪৪২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন আধুনিক বাংলা সুরের রূপকার হাবিব ওয়াহিদের জন্মদিন আজ নাইজেরিয়ান ফুটবলারকে মারধর ক্ষুধা-দারিদ্র্যে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে পাকিস্তান ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সেনা মোতায়েন

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬ সময় : ৮:৪৫ পিএম

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসবের আনন্দ ভাগাভাগি করতে সরাসরি চট্টগ্রামে আসছেন। প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে চট্টগ্রামজুড়ে সাজসাজ রব পড়ে গেছে। সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তা সম্পূর্ণ সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। সফরটি সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে নিবিড় সমন্বয় করে কাজ চলছে।’


নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি তিনি রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপের উদ্দেশ্যে রওনা হবেন। সন্ধ্যা ৬টায় তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে মণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সন্ধ্যা পৌনে ৭টায় তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বিরতি ও বিশ্রাম নেবেন। সবশেষে রাত পৌনে ৮টায় সার্কিট হাউস থেকে রওয়ানা হয়ে শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, এই চট্টগ্রাম সফরের ঠিক আগে তিনি রংপুর ও রাজশাহী জেলাও সফর করবেন।


প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে সনাতনী সম্প্রদায়ের মাঝে বইছে আনন্দের জোয়ার। শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ এই আনন্দ প্রকাশ করে বলেন, ‘শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সশরীরে চট্টগ্রামে আসছেন, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী একটি অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো নেশন’ বা রেমবো জাতি গঠন করতে চান। তারই অংশ হিসেবে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে চট্টগ্রামসহ সারা দেশের সব সনাতনী সম্প্রদায়ের মানুষ গভীরভাবে আনন্দিত।’


উল্লেখ্য, নগরের রহমতগঞ্জ এলাকায় অবস্থিত যাত্রীমোহন সেনগুপ্ত বা জেএম সেন হল প্রাঙ্গণ চট্টগ্রামের শারদীয় দুর্গাপূজা উদযাপনের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী কেন্দ্র। প্রতিবছর এখানে অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে কেন্দ্রীয়ভাবে দুর্গাপূজা উদযাপিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি বর্ণিল সাংস্কৃতিক আয়োজনও থাকে, যার কারণে এই পূজামণ্ডপটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মহামিলনস্থলে পরিণত হয়।


১৯২০ সালে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত তার শ্রদ্ধেয় পিতা যাত্রীমোহন সেনগুপ্তের স্মরণে জেএম সেন হলটি প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, ঐতিহাসিক রাজনৈতিক সংগ্রাম এবং উপমহাদেশের প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে এই ঐতিহাসিক স্থানটির রয়েছে এক গভীর ও অবিস্মরণীয় নিবিড় সম্পর্ক।



এ সম্পর্কিত আরো খবর