উত্তরাঞ্চল প্রতিনিধি : / : 154
রাজশাহী নগরীর নিউমার্কেট সংলগ্ন কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ড ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত মধ্যরাতে নগরীর ষষ্ঠীতলা এলাকার অবস্থিত এ কাঁচাবাজারে এ অগ্নিকান্ড ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পুড়ে যাওয়া ১২টি দোকানের মধ্যে বেশিরভাগই ছিল কাঁচা সবজি ও মুদির দোকান। দুটি দোকান ছিল মুরগির। আগুন দ্রæত ছড়িয়ে পড়লেও মার্কেটের ভেতরের অংশের দোকানগুলো অক্ষত থাকে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন অতিরিক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আর কেউ হতাহত হয়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।#