সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় দুঃখ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে তথ্যের ঘাটতি রয়েছে উল্লেখ করে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেছেন, পবিত্র মক্কায় মানুষ ধর্মীয় উদ্দেশ্য নিয়ে যান। সেখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো কোনোভাবেই ঠিক নয়।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এবং এর পেছনের অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং ঐতিহাসিক। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো ও গভীর। ভবিষ্যতে এই সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা নিয়ে তথ্যের ঘাটতি থাকার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। কোথায় তথ্যের ঘাটতি রয়েছে কিংবা কোনো পর্যায়ে ত্রুটি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, ঘটনাটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক। যে অভিযোগ বা অপরাধের কারণে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সে বিষয়ে পাওয়া তথ্যও হতাশাজনক। মক্কায় যাওয়ার উদ্দেশ্য সাধারণত পবিত্র ধর্মীয় ইবাদত পালন করা। সেখানে গিয়ে কেউ অপরাধে জড়িয়ে পড়লে বিষয়টি স্বাভাবিকভাবেই উদ্বেগ ও হতাশার জন্ম দেয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, অভিযোগ অনুযায়ী অপরাধ সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ী বিচার ও শাস্তির বিধান কার্যকর হয়। সৌদি আরবে যাঁরা যান, তাঁদের সেখানকার আইন এবং কোন কাজের জন্য কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।
তবে এই ঘটনার ক্ষেত্রে বাংলাদেশের কাছে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি রয়েছে বলে জানান তিনি। এ কারণে সৌদি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে, তা দূর করতে দুই দেশের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে আলোচনা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া এবং ঘটনার প্রেক্ষাপট পরিষ্কার হওয়া জরুরি। এ জন্য সৌদি আরবের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।