মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৩ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এবাদত মীর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক তেহসিন ইফতেখার। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ১৯ জানুয়ারি লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাঁও আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির মা আশুলিয়া এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। মায়ের অনুপস্থিতির সুযোগে এবাদত মীর তাঁর ১৩ বছর বয়সী মেয়েকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত এবাদত মীরকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় একই দিন প্রতিবেশী ইউনুস ফরাজী বাদী হয়ে লৌহজং থানায় মামলা করেন।
মামলাটির বিচারিক কার্যক্রমে আসামিসহ মোট সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এবাদত মীরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।