মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ-৩ আসন থেকে পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি বহু রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন। তিনি জানান, আলহাজ্ব আব্দুল হাই বৃহস্পতিবার গভীর রাত ১টার দিকে ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজ তিন স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব মুন্সীগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা এবং বাদ এশা মিরেশ্বর আলিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা শেষে মুক্তারপুরে নিজ সমাজের কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আলহাজ্ব আব্দুল হাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘ ও বৈচিত্র্যময় রাজনৈতিক জীবনে তিনি মুন্সীগঞ্জের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং বিএনপির সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
শোকবার্তায় তাঁর ছোট ভাই মো. মহিউদ্দিন বলেন, “আমার বড় ভাই শুধু পরিবারের অভিভাবকই ছিলেন না, তিনি ছিলেন মুন্সীগঞ্জের সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক ও রাজনৈতিক দূরদর্শী অভিভাবক। আধুনিক ও সমৃদ্ধ মুন্সীগঞ্জ গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
আলহাজ্ব আব্দুল হাইয়ের আকস্মিক মৃত্যুতে মুন্সীগঞ্জের সর্বস্তরের জনগণ ও সামাজিক-রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।