রাজধানীর
গুলশানে কিং ফিশার রেস্টুরেন্টে মধ্যরাতের এক রুদ্ধশ্বাস অভিযানে
বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল ও মদজাতীয় পানীয়
জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৈধ কাগজপত্র
ছাড়া চোরাচালানের মাধ্যমে আনা এসব উচ্চ শুল্কযুক্ত পণ্য বিক্রির গোপন সংবাদে এই ঝটিকা অ্যাকশন
চালানো হয়। রোববার (২৫ অক্টোবর) রাত
সাড়ে ১২টা থেকে শুরু করে প্রায় ৩ ঘণ্টাব্যাপী এই
যৌথ অভিযান পরিচালনা করে এনবিআরের চারটি বিশেষায়িত গোয়েন্দা সংস্থা। অভিযানে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার দায়িত্বে
নিয়োজিত ছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
জাতীয়
রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, সরকারের বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি, ভ্যাট ফাঁকি ও মানি লন্ডারিং
প্রতিরোধের লক্ষ্যে এই অভিযান চালানো
হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের
(সিআইআইডি) সার্বিক তত্ত্বাবধানে এনবিআরের নির্দেশনায় এই প্রথম চারটি
শক্তিশালী গোয়েন্দা ইউনিট একসঙ্গে মাঠে নামে। অভিযানে অংশ নেওয়া অন্য সংস্থাগুলো হলো— সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট
(টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা
ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)। কাস্টমস আইন
২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক
শুল্ক আইন ২০১২ এবং আয়কর আইন ২০২৩ এর আওতাধীন বিশেষ
ক্ষমতাবলে এই যৌথ দল
রেস্টুরেন্টটিতে তল্লাশি চালায়।
এনবিআরের
কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র উচ্চ শুল্কের অ্যালকোহলজাতীয় পণ্য অবৈধ উৎস থেকে সংগ্রহ করে ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে এই রেস্টুরেন্টে বিক্রি
করে আসছিল। দীর্ঘ ৩ ঘণ্টার তল্লাশিতে
রেস্টুরেন্টের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয় বৈধ নথিপত্রহীন
শত শত মদের বোতল
ও পানীয়।
এনবিআর জানিয়েছে, জব্দকৃত পণ্যের চূড়ান্ত তালিকা তৈরি, সরকারের মোট রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ এবং জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি খুব দ্রুতই আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।