গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া পাছর এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. মিলন চৌধুরী নামের এক স্থানীয় ব্যবসায়ীকে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা, পিটিয়ে গুরুতর জখম এবং বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় যুবদল নেতা পরিচয়দানকারী রাব্বি চৌধুরীসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে গাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাতে ব্যবসায়ী মিলন চৌধুরী নিজ বাসভবন থেকে তাঁর মালিকাধীন ‘চৌধুরী মার্কেট’-এর উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্ত রাব্বি চৌধুরী, মো. তানভীর, মো. ফয়সাল, মো. রানা, মো. রাকিব, মো. লিওন, মো. সিয়াম, মো. মাসুদ, মো. তুষার ও মো. পলাশসহ অজ্ঞাত ব্যক্তিরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তাঁর পথরোধ করেন এবং অতর্কিত হামলা চালান।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা মিলন চৌধুরীর মস্তক ও হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করেন এবং শ্বাসরোধ করে তাঁকে হত্যার চেষ্টা চালান। এ সময় তাঁর কাছে থাকা নগদ ১৮ হাজার ৫০০ টাকা ছিনতাই করা হয় এবং তাঁর বাসভবনে ভাঙচুর চালিয়ে ব্যাপক তাণ্ডব চালানো হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান।
ভুক্তভোগী ব্যবসায়ী মিলন চৌধুরী জানান, ব্যক্তিগত পূর্ববিরোধের জেরে এই পরিকল্পিত ও সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনার সমস্ত প্রমাণাদি ও সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে।
এদিকে অভিযুক্ত রাব্বি চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।