ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটকের ঘটনাটি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।
বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়া পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ইকবাল সোবহান চৌধুরীকে আটক সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা স্পষ্ট করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি যদি আটক হয়ে থাকেন, তবে তা সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্র্রেক্ষিতেই হয়েছে এবং পুলিশ বা সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টিকে আইন অনুযায়ী খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপে যাবে। কোনো অনিয়ম বা আইনবহির্ভূত পদক্ষেপ নেওয়া হবে না বলেও আশ্বস্ত করা হয়।
এর আগে একই দিনে (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে আটক করে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।