কুইন্স পাবলিক লাইব্রেরিতে গত ১৫ মার্চ নীরা কাদরীর পরিচালনায় 'লেখকের অঙ্গন'র নিয়মিত মাসিক গ্রন্থালোচনা অনুষ্ঠিত হয়। এবারের অনুষ্ঠানে শহীদ জননী জাহানারা ইমামের 'একাত্তুরের দিনগুলি' উপন্যাসের হৃদয় বিদারণ মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবহুল তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ বিষয় ভিত্তিক আলোচনা করেন সাহিত্য সেবী মমতাজ বেগম (সুমি)। পরবর্তী আলোচক অধ্যাপিকা হুসনে আরার মননশীল আলোচনায় উঠে আসে সব্যসাচী লেখক সৈয়দ শামসুলহকের আবহমান গ্রামবাংলার প্রান্তিক মানুষের জীবন যাত্রার চালচিত্রের বিবরণ সমুচ্চিত 'বিশাল বাংলায়' বইয়ের উল্লেখযোগ্য অংশের বাস্তব চিত্রের অনন্য প্রকাশ। এরপর, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বিখ্যাত 'শঙ্খনীল কারাগার' উপন্যাসের তাৎপর্য্য এবং এর বিমূর্ত শিল্পরূপ বিশদ ভাবে তুলে ধরেন কবি মোহাম্মদ মহিবুর রহমান। পরবর্তী আলোচক প্রাবন্ধিক জাহিদুল হক তাঁর আত্ন দর্শনমূলক আলোচনায় নিয়ে আসেন স্বনামধন্য ব্রাজিলিয়ান লেখক, উপন্যাসিক পাওলো কোয়েলোর বিখ্যাত বিজ্ঞান মনস্ক 'অ্যালকিমিস্ট' গ্রন্থের নান্দনিক ধারার শৈল্পিক চিত্রের বর্ণনা। সর্বশেষ আলোচক লেখক,কবি সুরীত বড়ুয়ার পাঠ্য ধারায় উঠে আসে-বিষয়ের বৈচিত্র্য, বিশ্লেষণের ধার ও ভাষার স্বাতন্ত্রের নিরিখে কবি শহীদ কাদরীর 'গদ্য সংগ্রহ' অন্তর্ভুক্ত গদ্যদ্বয়- 'ব্যক্তিগত বর্ষা' এবং বুদ্ধদেব বসু : বিশুদ্ধ কিন্নরকন্ঠের গান' যেন মনন-সৃজনের বিরল নিখুঁত যুগলবন্দী। এই সংকলন আক্ষরিক অর্থে সাহিত্যামোদীদের কাছে এক উজ্জ্বল উদ্ধার।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন,সাহিত্য একাডেমির পরিচালক, মোশাররফ হোসেন, মোজাম্মেল হক, সাহিদা পারভীন,
মোহাম্মদ আব্দুল আজিজ, নবুয়তন নেসা প্রমুখ।
পরিশেষে
পরিচালক নীরা কাদরী সম্মানিত আলোচক বৃন্দ,উপস্থিত শ্রোতা মন্ডলী, লাইব্রেরি লিয়াসন,
সেলিনা শারমিন এবং কুইন্স পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের
সমাপ্তি ঘোষণা করেন।