নিজস্ব প্রতিবেদক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও টোল আদায়ের হিসাবে দেখানো হচ্ছে ৮০ হাজারের কম—এমন গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকৃত যানবাহনের সংখ্যা গোপন করে কেন্দ্রীয় ডিজিটাল ব্যবস্থার বাইরে ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে। শুধু টোল আদায় নয়, অনুমোদন ছাড়া তৃতীয় পক্ষকে পরিচালনার দায়িত্ব দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করার অভিযোগও সামনে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে একটি প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে অভিযোগ অস্বীকার না করে সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায় কার্যক্রম পর্যবেক্ষণে আলাদা ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) একটি বড় প্রকল্প। চুক্তি অনুযায়ী, দৈনিক যানবাহন চলাচল টানা ১৫ দিন ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহন থেকে আদায় করা টোলের ২৫ শতাংশ পাবে বাংলাদেশ সরকার। অন্যদিকে, দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নেমে গেলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাওয়ার কথা। অভিযোগ উঠেছে, বর্তমানে প্রতিদিন এক লাখের বেশি গাড়ি চলাচল করলেও সরকারকে অতিরিক্ত টোলের রাজস্ব দেওয়া হচ্ছে না। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দাবি, প্রতিদিন এই এক্সপ্রেসওয়ে দিয়ে ৭০ থেকে ৭৫ হাজার গাড়ি চলাচল করে।
এসবির গোপন অনুসন্ধানে প্রতিদিন প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রকৃত সংখ্যা ৮০ হাজারের নিচে দেখাতে কিছু যানবাহনের টোলের তথ্য কেন্দ্রীয় সফটওয়্যার বা ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এসব ক্ষেত্রে ম্যানুয়ালি টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ব্যস্ত সময়ে অনলাইন রসিদ না দেওয়া এবং একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে পুনর্ব্যবহারের অভিযোগও এসেছে।
সরেজমিনে দেখা গেছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন। এসব টিকিট নিয়ে চলাচল করা গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে দেখা যায় না। ফলে প্রকৃত যানবাহনের সংখ্যা ও টোল আদায়ের হিসাব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, এক্সপ্রেসওয়ে চালুর পর তিন বছরে মোট ২১ দিন ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করেছে। তবে তা টানা ১৫ দিন ছিল না। চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন এই সীমা অতিক্রম করলেই সরকার অতিরিক্ত টোলের রাজস্ব পাওয়ার অধিকারী হবে। ম্যানুয়ালি বা সনাতন পদ্ধতিতে টোল নেওয়া গাড়ির হিসাবও রাখা হচ্ছে বলে জানান তিনি। এসবির প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, টোল আদায় সঠিকভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।
প্রকল্পটির তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই)। শুরুতে থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান থাই ডেভেলপমেন্টের অর্ধেকের বেশি শেয়ার থাকলেও অংশীদারদের বিরোধ আদালত পর্যন্ত গড়ানোর পর তাদের শেয়ার কমে ১ শতাংশে নেমেছে। বর্তমানে চীনের চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের ৮০ শতাংশ এবং সিনোহাইড্রো করপোরেশনের ১৯ শতাংশ শেয়ার রয়েছে।
এক্সপ্রেসওয়ের টোল আদায় ও পরিচালনা কার্যক্রমে আরেকটি চীনা প্রতিষ্ঠানকে যুক্ত করা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। গত বছর এফডিইই টোল আদায়সহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে যুক্ত করে। অভিযোগ রয়েছে, এ ক্ষেত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি।
এদিকে, গত এক বছরে এফডিইইর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বাংলাদেশি কর্মকর্তাদের সরিয়ে সেখানে চীনা নাগরিকদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। পদাবনতি ও চাকরিচ্যুতির ঘটনাও ঘটেছে। গত ঈদুল আজহার আগে নয়জন বাংলাদেশি কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়।
চাকরিচ্যুত লেন সহকারী সজীব রহমান (৩০) জানান, ঈদের আগের দিন একটি গাড়ির চালক ৮০ টাকার টোলের বিপরীতে ১০০ টাকা দিয়ে চলে যান। তিনি অতিরিক্ত ২০ টাকা নিজের কাছে না রেখে ডাস্টবিনে ফেলে দেন। এরপরও টাকা রাখার অভিযোগে তাঁকে চাকরিচ্যুত করা হয়। একই অভিযোগে তাঁর মতো আরও আটজনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিবিএর চিঠিপত্র পর্যালোচনায় দেখা যায়, শ্যানডং হাইস্পিডের আইনি অবস্থান জানতে গত ১৩ সেপ্টেম্বর এফডিইইকে চিঠি দেয় বিবিএ। ২৮ সেপ্টেম্বর জবাবে এফডিইই জানায়, প্রতিষ্ঠানটি আলাদা নিবন্ধন নিলেও পরিচালনা ও রক্ষণাবেক্ষণের আনুষ্ঠানিক দায়িত্ব পায়নি। এফডিইই একাই এসব দায়িত্ব পালন করছে। তবে ২৯ অক্টোবরের একটি চিঠিতে শ্যানডং হাইস্পিড নিজেদের এফডিইইর সঙ্গে চুক্তিবদ্ধ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে।
এসবির প্রতিবেদনে আরও বলা হয়েছে, যথাযথ সম্মতি ছাড়াই শ্যানডং হাইস্পিড টোল আদায়ের কাজে যুক্ত হয়েছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে দেওয়া উত্তর বাড্ডার ঠিকানায় প্রতিষ্ঠানটির কার্যালয় পাওয়া যায়নি। তারা এফডিইইর কুড়িলের ঠিকানা থেকে কার্যক্রম পরিচালনা করছে। ট্রেড লাইসেন্স নবায়ন না করা, শ্রম আইন ও দেশি-বিদেশি কর্মীর অনুপাত না মানা এবং কয়েকজন বিদেশি নাগরিকের বৈধ ওয়ার্ক পারমিট না থাকার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে এফডিইইর প্রশাসন ব্যবস্থাপক সিয়াং শোয়াইনান বলেন, প্রকল্পের কর্তৃপক্ষ বিবিএ। তাই যেকোনো বিষয়ে জানতে হলে বিবিএর মাধ্যমে তাঁদের সঙ্গে আলোচনা করতে হবে।
অন্যদিকে, ২০২৩ সালে এক্সপ্রেসওয়ে চালুর সময় থেকেই ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর কথা থাকলেও তা কার্যকর হয়নি। চলতি বছরের ১ এপ্রিল সীমিত পরিসরে এই ব্যবস্থা চালু করা হয়। প্রায় দুই হাজার ডিভাইস বিক্রি হলেও সরেজমিনে দেখা গেছে, সেগুলো কাজ করছে না। ফলে আগের মতোই গাড়িগুলোকে লাইনে দাঁড়িয়ে টোল দিতে হচ্ছে।
এখন পদ্মা ও যমুনা সেতুর আদলে সমন্বিত ইটিসি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিবিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইটিসি স্থাপন কারিগরি কমিটির আহ্বায়ক মো. ওহিদুজ্জামান জানান, এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সাতটি লেনে সীমিত পরিসরে নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এতে আগের ডিভাইসগুলো আর কাজে লাগবে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান বলেন, প্রকল্পটি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। চুক্তিতে বাংলাদেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা হয়নি। বিনিয়োগকারীর অর্থের হিসাব থাকলেও সরকারের দেওয়া জমি ও পুনর্বাসন ব্যয়ের অর্থমূল্য বিবেচনায় নেওয়া হয়নি।
তিনি বলেন, কত গাড়ি চলাচল করছে এবং কীভাবে টোল আদায় হচ্ছে, এসব বিষয়ে সরকারের কার্যকর নজরদারি জরুরি। পুলিশের বিশেষ শাখার প্রতিবেদন আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকল্পে দেশের স্বার্থ লঙ্ঘন করা কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।