যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। গত বছর দুর্নীতির অভিযোগের জেরে যুক্তরাজ্যের মন্ত্রিসভা ছাড়তে বাধ্য হওয়া এই রাজনীতিক সম্প্রতি এক পডকাস্টে আইনজীবীদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে মামলা করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।
সম্প্রতি গুটো হ্যারি ও ডেভিড ডেভিস সঞ্চালিত ‘পলিটিকস আনলিশড’ পডকাস্টে কথা বলার সময় নিজের অবস্থান তুলে ধরেন টিউলিপ সিদ্দিক। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি লক্ষ্যবস্তু হয়েছেন এবং আইনি প্রতিকারের পথ খতিয়ে দেখছেন। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য অধ্যাপক ইউনূসের দুজন ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এমপি। ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য প্লট বরাদ্দ পেতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত তাঁর অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় টিউলিপের পাশাপাশি আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছিল। লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
পডকাস্টে টিউলিপ বলেন, তিনি প্রতিহিংসামূলক মামলার শিকার হয়েছেন। তাঁর ভাষায়, ‘আমি একজন স্বনামধন্য আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি আমার রয়েছে। আমি আইনজীবীদের সঙ্গে আইনি বিকল্পগুলো খতিয়ে দেখছি এবং পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।’
এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে মন্তব্য করেছিলেন। সে সময় তাঁর দাবি ছিল, খালা শেখ হাসিনা ও মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের কারণেই তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সাক্ষাৎকারে টিউলিপ আরও অভিযোগ করেছিলেন, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে তা জানতে আইনজীবীরা বারবার বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিলেও কোনো সাড়া মেলেনি। এমনকি মুহাম্মদ ইউনূস লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থানকালে তাঁর কাছে হাতে লেখা একটি চিঠি পাঠিয়ে সরাসরি সাক্ষাতের চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি। টিউলিপের দাবি, ইউনূস তাঁর সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান, যদিও তিনি বারবার সরাসরি কথা বলার চেষ্টা করেছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান।