ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,  ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর সক্রিয়তার আহ্বান প্রধানমন্ত্রীর খলিলুরের সঙ্গে পাঁচ দেশের দূতের বৈঠকে কী আলোচনা হলো? পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার বড় রদবদল ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন টিউলিপ সিদ্দিক ইতিহাসে প্রথমবার গণহত্যায় দোষী রাষ্ট্র মিয়ানমার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন নাকচ করলেন আলিয়া ভাট বিজয়ের মাস ও চলমান পরিস্থিতি ঘিরে জামায়াতের কর্মসূচি মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ৯৮ শতাংশ বই উপজেলায়, জোরেশোরে চলছে মাধ্যমিকের কাজ

চব্বিশের চেতনায় আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে: প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬ সময় : ৪:২২ পিএম

দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল যারা, সেই মহলটি আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করেছিল, ঠিক সেভাবেই আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে দেওয়া এই বক্তব্যে তিনি অতীতের শাসনামল, অর্থপাচার, ভোটের অধিকার, উন্নয়নের বঞ্চনা এবং সাম্প্রতিক সহিংসতার বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে এক হওয়ার আহ্বান জানান, যা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।


আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অতীতের শাসনব্যবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।


প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই যে মহলটি, যে সন্ত্রাসী গ্রুপটি, সন্ত্রাসী মহলটি ষড়যন্ত্র শুরু করেছে, এরা জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল। উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, মনে আছে আপনাদের? ভুলে গেছেন, না মনে আছে? ১৬ বছর তারা জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল এবং জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ১৪ সালের ভোট, ১৮ সালের ভোট কিংবা আমি-ডামির নির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী জানতে চান, এসব কি মানুষের মনে আছে, নাকি ভুলে গেছেন।


তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর ওই রকম নির্বাচন পেতে চায় না। যারা নিশিরাতের নির্বাচন, ভোট দখলের নির্বাচন এবং আমি-ডামির নির্বাচন করেছিল, তারা এই দেশের বিরুদ্ধে ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। ১৬ বছর ক্ষমতা দখল করে কেন তিস্তা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনার কাজ করা হয়নি, সে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। একইভাবে কেন পদ্মা ব্যারাজ করা হয়নি, কেন এই এলাকায় গ্যাস লাইন আনা হয়নি এবং কেন এই এলাকায় ইপিজেড গঠন করা হয়নি—এসব প্রশ্নও উত্থাপন করেন তিনি। তারেক রহমান বলেন, এই প্রশ্ন শুধু তার একার নয়, উপস্থিত মানুষেরও। কাজগুলো না করার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না।


অর্থপাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সে কারণেই দেখা গেছে প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সমগ্র বিশ্বের আন্তর্জাতিক সব পত্রপত্রিকায় উঠে এসেছে কীভাবে দেশের দুস্থ, অসহায় ও গরিব মানুষের লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আরাম-আয়েশে জীবনযাপন করা হয়েছে। তিনি আরও বলেন, তারা শুধু যে দেশের স্বার্থ ও মানুষের স্বার্থ দেখেনি তা নয়; বরং যে দেশে তারা পালিয়ে গিয়েছে, সীমান্তের ওপারে, সেটি তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্যই তারা আবার দেশের বিরুদ্ধে ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।


প্রধানমন্ত্রী আরও বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং গুম-খুন বন্ধের রাজনীতির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অধিকার তারা আবার কেড়ে নিতে চায়। এখন সময় এসেছে জনগণের কাছে জবাব চাওয়ার যে, তাদের কি আবার গুম-খুনের রাজনীতি করার অনুমতি দেওয়া হবে, ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি দেওয়া হবে কিংবা মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার ফিরিয়ে দেওয়া হবে।


ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেভাবে চব্বিশের চেতনায়, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী সন্ত্রাসীদের দেশ থেকে বের করে দিয়েছিল, বিতাড়িত করেছিল, ঠিক সেভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।


সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিন দেখলে বোঝা যায়, ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুটতরাজ করেছে, নির্যাতন চালিয়েছে এবং গুম-খুন করেছে। পালিয়ে যাওয়ার পরও পলাতক থেকে তারা আবার আগুনসন্ত্রাস শুরু করেছে, মানুষকে পুড়িয়ে মারার ও হত্যার রাজনীতি শুরু করেছে এবং পেছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি চালাচ্ছে।


তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না এবং ভোট দখলের রাজনীতিও চায় না। ক্ষমতা ধরে রাখার জন্য শেষ সময় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং ৬০ জন ছোট শিশুকে হত্যা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ ও জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকে না। বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায় এবং নিজের ও দেশের অগ্রগতি চায়। সে কারণে দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করা সব রাজনৈতিক দলকে আজ ঐক্যবদ্ধ হতে হবে এবং সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। সেই জবাব কী হবে—তা স্পষ্ট করে তিনি বলেন, যথেষ্ট হয়েছে, আর নয়; বাংলাদেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস ও গুম-খুনের রাজনীতিতে যেতে চায় না।


উন্নয়নের অগ্রাধিকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার খাল খননের রাজনীতি করতে চায়। দেশের কলকারখানা সঠিকভাবে গড়ে তুলে উৎপাদন বাড়ানো, ফসলের উৎপাদন বাড়ানো, মানুষের সঠিক শিক্ষার ব্যবস্থা করা এবং মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই তাদের লক্ষ্য। অতীতের রাজনীতির পরিবর্তে এই উন্নয়নমুখী রাজনীতিই করতে চান বলে জানান তিনি।


লালমনিরহাটের মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আজ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই আহ্বান জানিয়েই তিনি যাচ্ছেন। লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিল উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনেও একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে থাকবে এই জনপদ।


সবশেষে প্রধানমন্ত্রী সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং সন্ত্রাসীদের সমুচিত, সঠিক ও শক্ত জবাব দিই, যাতে ভবিষ্যতে তারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে এবং প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে। তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ বাস্তবায়ন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করার প্রত্যয় জানিয়ে তিনি সবাইকে আবারও চব্বিশের মতো প্রস্তুত হওয়ার আহ্বান জানান।


এ সম্পর্কিত আরো খবর