লালমনিরহাট প্রতিনিধি / : 31
লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। খাল খননের পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও মাছ-হাঁস অবমুক্ত করার এই উদ্যোগ স্থানীয় কৃষি, জলাবদ্ধতা নিরসন ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন আশার সঞ্চার করেছে এবং এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এই তথ্য জানান। তার ভাষ্যমতে, কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে মহেন্দ্রনগর মডেল খালের স্বাভাবিক জলপ্রবাহ ও নিষ্কাশন ব্যবস্থাকে আরও কার্যকর করার কাজ শুরু হয়েছে।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন। এ সময় স্থানীয় পর্যায়ে জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিকতা শেষে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।