সিরাজগঞ্জ প্রতিনিধি / : 34
বেলকুচিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ কর্মী নিহত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৯) নামে এক আওয়ামী লীগ কর্মীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন; রাতের আঁধারে সংঘটিত এই হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী দরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
নিহতের মামা আছির উদ্দিন বলেন, গত বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। এ সময় একদল দুর্বৃত্ত পেছন থেকে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।
হামলার পর তার স্বজন ও প্রতিবেশীরা আশরাফ আলীকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। আছির উদ্দিন জানান, তার ভাগনে আশরাফ আলী আওয়ামী লীগ সমর্থক হলেও দলে তার কোনো পদ-পদবি ছিল না।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, গতরাতে গোপরেখী দরপাড়া গ্রামে আশরাফ আলী নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।